২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আ’লীগ নেতকর্মীর বিরুদ্ধে জিডি, পুলিশ বরখাস্ত

আওয়ামী লীগ নেতাকর্মীর বিরুদ্ধে বিএনপি নেতার করা সাধারণ ডায়েরি (জিডি) নথিভুক্ত করায় সাভার মডেল থানার দুই পুলিশকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2012, 01:32 PM

Updated : 24 Aug 2022, 11:02 AM

সাভার, মার্চ ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগ নেতাকর্মীর বিরুদ্ধে বিএনপি নেতার করা সাধারণ ডায়েরি (জিডি) নথিভুক্ত করায় সাভার মডেল থানার দুই পুলিশকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। শনিবার দুপুরে বরখাস্ত এই দু’জন হলেন উপ-পরিদর্শক (এসআই) ফৌজিয়া সুলতানা এবং তার স্বামী উপ-পরিদর্শক (এসআই) শেখ শাহীনুর রহমান। তাদের পুলিশ লাইনে যোগদান করতে বলা হয়েছে। সাভার মডেল থানার ওসি (তদন্ত) মতিয়ার রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য দেওয়ান মো. সালাউদ্দিন বাবুর দায়ের করা একটি জিডিকে কেন্দ্র করে ঢাকার পুলিশ সুপার মিজানুর রহমান এই বরখাস্তের নির্দেশ দেন। বরখাস্ত হওয়া উপ-পরিদর্শক (এসআই) ফৌজিয়া সুলতানা সাংবাদিকদের বলেন, ডিউটি অফিসারের দায়িত্ব পালনকালে দেওয়ান মো. সালাউদ্দিন বাবু একটি জিডি করতে আসেন। পরে জিডিটি থানার দ্বিতীয় কর্মকর্তা উপ-পরিদর্শক আবুল হোসেনকে দেখালে তিনি তা নথিভুক্ত করার নির্দেশ দেন। “পরে জানতে পারলাম আমাকেসহ আমার স্বামীকে পুলিশ লাইনে যোগদান করতে বলা হয়েছে,” বলেন ফৌজিয়া। তিনি আরো বলেন, “আবুল হোসেনের নির্দেশে জিডি নথিভুক্ত করেছি, এতে আমার কী দোষ? তাছাড়া শাহীন ছিল ঢাকায় তাকে কেন পুলিশ লাইনে যোগদানের কথা বলা হচ্ছে?” এ ব্যাপারে উপ-পরিদর্শক আবুল হোসেন বলেন, “আমি কোনো জিডি করার নির্দেশ দিইনি। জিডির কারণেই ওই দুই পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।” বিএনপি নেতা দেওয়ান মো. সালাউদ্দিন বাবু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, স্বাধীনতা দিবস উপলক্ষে ঢাকা-আরিচা মহাসড়কে আমিনবাজার থেকে জাতীয় স্মৃতি সৌধ পর্যন্ত আওয়ামী লীগ শতাধিক তোরণ নির্মাণ করেছে। আমাদের তোরণ নির্মাণে তারা বাধা দিচ্ছে। “এছাড়া আমরা জানতে পেরেছি আওয়ামী লীগ নেতাকর্মীরা তাদের তোরণ ভেঙ্গে আগুন দিয়ে আমাদের বিরুদ্ধে মামলা দেওয়ার চক্রান্ত চলাচ্ছে। তাই নিরাপত্তা চেয়ে সকাল ১০টার দিকে এই থানায় একটি সাধারণ ডায়েরি (নম্বর ১৩৬০) করেেিছ.” বলেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯২৬ ঘ.