ঢাকা, মার্চ ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিরোধী দল সংসদকে ‘অকার্যকর’ করতেই অধিবেশনে ফিরেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিম।
শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি বলেন, “কেবল বেতন-ভাতা ঠিক রাখতে নয়, খালেদা জিয়া অন্য উদ্দেশ্য নিয়ে সংসদে গেছেন।”
“সংসদকে অচল ও অকার্যকর করার জন্য তিনি সংসদে গেছেন। রাজপথ ছাড়া বিকল্প নেই- এটা বোঝানোর জন্যই তিনি অধিবেশনে যোগ দিয়েছেন।”
টানা ৭৭ দিন অনুপস্থিতির পর বিএনপির সংসদ সদস্যরা গত রোববার বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার নেতৃত্বে অধিবেশনে যোগ দেন।
ক্ষমতাসীন দলের নেতারা বিএনপির সমালোচনায় বলে বাসছেন, সাংসদ হিসেবে বেতন-ভাতা এবং সংসদ সদস্যপদ রক্ষার জন্যই তারা অধিবেশনে ফিরেছেন। যদিও বিএনপি নেতাদের দাবি, জনগণের কথা তুলে ধরার জন্যই তারা সংসদে যোগ দিয়েছেন।
বিএনপি ফেরার পর প্রথম দুই দিনই দুই পক্ষের সাংসদদের কটূক্তিতে পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠে। এক পর্যায়ে হাতাহাতিরও উপক্রম হয়।
এমন পরিস্থিতিতে সোমবার বিএনপির এক নারী সাংসদের বক্তব্যের পর স্পিকার বলেন, এমন কুৎসিত ভাষা ব্যবহার কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
বিএনপির ওই সাংসদে বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ায় স্পিকারের সমালোচনা করে নাসিম বলেন, “সব সময় ভালো মানুষ থাকতে নেই। যে ভাষা ব্যবহার করা হয়েছে তা ভদ্র ভাষা নয়। এরা মেম্বার নয়, এরা মনোনীত। এদের কোনো যোগ্যতা নেই। খালেদার ইঙ্গিতে তারা আবার এটা করবেন।”
সংসদের কার্যপ্রণালী বিধি অনুযায়ী একজনকে শাস্তি দিলে বা সাময়িক বহিষ্কার করলে ভবিষ্যতে আর কেউ এ আচরণ করার সাহস পাবে না বলেও মন্তব্য করেন এই সাবেক মন্ত্রী।
ঢাকা মহানগর বঙ্গবন্ধু সাংস্কৃতি জেটের আলোচনা সভার খালেদা জিয়ার উদ্দেশে নাসিম বলেন, “আপনারা সংসদে থাকেন, কথা বলেন। আগামী নির্বাচন পদ্ধতি নিয়ে আলোচনার মাধ্যমে সমাধান করতে চাই। এ নিয়ে ফর্মুলা দিন।”
আগামী নির্বাচন সামনে রেখে আওয়ামী লীগকে শক্তিশালী করার আহ্বন জানিয়ে তিনি বলেন, “আগামী নির্বাচনে আমরা হেরে যেতেও পারি। যে কোনো ঘটনাই ঘটতে পারে। এজন্য এখন থেকেই প্রস্তুতি নিতে হবে। সামনে কঠিন সময়। আগামী নির্বাচনে জিততে না পারলে দেশ পাকিস্তানে পরিণত হবে।”
ঢাকা মহানগর বঙ্গবন্ধু সাংস্কৃতি জেটের সভাপতি আকরাম হোসেনের সভাপতিত্বে অন্যদের মধ্যে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক হাজী মো. সেলিম, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের নেতা চিত্রনায়ক ফারুক, মুক্তিযোদ্ধা হেমায়েত উদ্দিন এই আলোচনা সভায় বক্তব্য দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/জেকে/১৩৪৫ ঘ.
bdnews24