২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দর্শক সারিতে জিল্লুর-হাসিনা-খালেদা

ফাইনালে বাংলাদেশের খেলা স্টেডিয়ামে বসে দেখেছেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, বিরোধীদলীয় নেতা ও সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2012, 02:10 PM

Updated : 24 Aug 2022, 11:02 AM

ঢাকা, মার্চ ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশের খেলা স্টেডিয়ামে বসে দেখেছেন রাষ্ট্রপতি জিল্লুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া ও সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদ। মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে বৃহস্পতিবার দিবারাত্রির এই খেলার শুরু থেকেই প্রেসিডেন্ট স্যুটে ছিলেন জাতীয় পার্টি চেয়ারম্যান এরশাদ, যিনি নিজেকে দেশে ‘ক্রিকেটের জনক’ বলে দাবি করেন। শেখ হাসিনা স্টেডিয়ামে যান খেলা শুরুর পর। তিনি যখন স্টেডিয়ামে পৌঁছান, তখন পাকিস্তান ব্যাট করছিল। প্রধানমন্ত্রীর প্রেসসচিব আবুল কালাম আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রধানমন্ত্রী স্টেডিয়ামে ঢোকার পরপরই পাকিস্তানের ব্যাটসম্যান শহীদ আফ্রিদি আউট হন।” ক্ষমতাসীন মহাজোটের দুই নেতাই প্রেসিডেন্ট স্যুটে পাশাপাশি সোফায় বসে খেলা দেখেন। তবে কিছু সময় পর স্টেডিয়াম ছেড়েছিলেন প্রধানমন্ত্রী, পরে আবার ফেরেন তিনি এবং বাংলাদেশের ব্যাটিং শেষ হওয়া পর্যন্ত মাঠে ছিলেন। শেখ হাসিনার সঙ্গে বসে খেলা দেখেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়সহ পরিবারের সদস্যরা। প্রধানমন্ত্রীর পর প্রেসিডেন্ট স্যুটে আসন নেন রাষ্ট্রপতি জিল্লুর রহমান, বাংলাদেশ ক্রিকেট দলের ঐতিহাসিক যাত্রায় সঙ্গী হন তিনি। এশিয়া কাপে এবারই প্রথম ফাইনালে উঠল বাংলাদেশ। শ্বাসরুদ্ধকর ফাইনালে পাকিস্তানের কাছে ২ রানে হারলেও এই টুর্নামেন্টে প্রথম রানার আপ হয়েছে বাংলাদেশ। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া স্টেডিয়ামে পৌঁছান রাত ৮টার দিকে। তিনি বসেন হসপিটালিটি বক্সে। খালেদার সঙ্গে ছিলেন বিএনপি নেতা সাদেক হোসেন খোকা, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ফজলে এলাহী আকবর এবং খালেদার প্রেসসচিব মারুফ কামাল খান, বিএনপি নেত্রী শিরীন সুলতানা। হারলেও ভালো খেলার জন্য বাংলাদেশের ক্রিকেটারদের অভিনন্দন জানিয়েছেন বিরোধীদলীয় নেতা। তিনি বলেন, “এই টুর্নামেন্টে বাংলাদেশ প্রতিটি খেলায় সর্বোচ্চ ক্রীড়া নৈপুণ্য প্রদর্শন করে দেশবাসীর মন জয় করেছে। পাশাপাশি আন্তর্জাতিক ক্রিকেটে যোগ্যতার প্রমাণও রেখেছে।” বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও বিরোধীদলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুকও স্টেডিয়ামে বসে খেলা দেখেন। প্রধানমন্ত্রী এই টুর্নামেন্টে আগে বাংলাদেশ-শ্রীলঙ্কার খেলায় মাঠে গেলেও রাষ্ট্রপতি ও বিরোধীদলীয় নেতা ফাইনালেই প্রথম মাঠে গেলেন। এবারের টুর্নামেন্টে ভারত ও শ্রীলঙ্কাকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে বাংলাদেশ। ওই দুই দলকে হারানোর পর রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতা তিন জনই খেলোয়াড় ও কর্মকর্তাদের অভিনন্দন জানিয়েছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসইউএম/পিসি/এমআই/২৩৪২ ঘ.