ঢাকা, মার্চ ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিষয়বস্তু সম্পর্কে জেনে টেলিভিশনের টক শোতে আওয়ামী লীগ নেতাদের অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন দলের উপদেষ্টামণ্ডলীর সদস্য আব্দুল জলিল।
মঙ্গলবার এক সেমিনারে তিনি বলেন, “আওয়ামী লীগের নেতারা মুজিব কোট পরে টক শোতে অংশ নেন। কিন্তু অজ্ঞতার কারণে তারা অন্যদের কাছে নতি স্বীকার করে আসেন।”
“মানুষকে হতাশ করে এমন টক শোতে যাওয়ার কোনো অর্থ নেই। টক শোতে গেলে ভালোভাবে জেনে যেতে হবে।”
জাতীয় জাদুঘরের বেগম সুফিয়া কামাল মিলনায়তনে আওয়ামী লীগ আয়োজিত এক সেমিনার বক্তব্য দিচ্ছিলেন দলের সাবেক সাধারণ সম্পাদক জলিল।
‘মহাজোট সরকারের তিন বছর: সুশাসন প্রতিষ্ঠায় সরকারের পদক্ষেপ ও অর্জন’ শিরোনামের সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করে প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা এইচ টি ইমাম।
তিনি বলেন, সুশাসনের জন্য স্থিতিশীল গণতান্ত্রিক পরিবেশের কোনো বিকল্প নেই।
“সাংবাদিক ও বিরোধী দলের সমর্থক বুদ্ধিজীবীরা টিভি চ্যানেলে নিয়মিত সরকার ও প্রধানমন্ত্রীর সমালোচনা ও বিরূপ মন্তব্য করে চলেছেন, তাদের কাউকে বাধা দেওয়া হয়নি।”
আট পৃষ্ঠার মূল প্রবন্ধে বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরেন এই উপদেষ্টা।
সেমিনারে অন্যদের মধ্যে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য আনিসুল ইসলাম মাহমুদ, আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক নূহ উল আলম লেলিন, দপ্তর সম্পাদক অসীম কুমার উকিল প্রমুখ বক্তব্য দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/পিডি/২৩৩১ ঘ.
bdnews24