ঢাকা, মার্চ ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামায়াতে ইসলামীর নেতা মো. কামারুজ্জামানের বিরুদ্ধে যুদ্ধাপরাধের নয়টি অভিযোগ এনেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন।
জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল কামারুজ্জামানের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানিতে প্রসিকিউটর সাইফুল ইসলাম সোমবার ১০৭ পৃষ্ঠার অভিযোগ পড়ে শোনানো শেষ করেন।
প্রসিকিউশন এ মামলায় অভিযোগ গঠনের জন্য দুপুরে আদালতের কাছে যুক্তি তুল ধরবে।
এই জামায়াত নেতার বিরুদ্ধে অভিযোগ, একাত্তরে ময়মনসিংহ জেলায় তার নেতৃত্বেই আলবদর বাহিনী ব্যাপক হত্যা, খুন, ধর্ষণ, অগ্নিসংযোগসহ বিভিন্ন মানবতাবিরোধী অপরাধ চালায়।
প্রসিকিউশন গত ১৫ জানুয়ারি ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের পর ৩১ জানুয়ারি তা আমলে নেয় আদালত।
গত বছরের ২১ জুলাই কামারুজ্জামানের ‘যুদ্ধাপরাধ’ তদন্ত শুরু করে ট্রাইব্যুনালের তদন্ত কর্মকর্তারা। এরপর ওই বছরের ২ অগাস্ট তাকে ট্রাইব্যুনালে গ্রেপ্তার দেখানো হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/জেকে/১৩৫০ ঘ.
bdnews24