নোয়াখালী, মার্চ ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি সংসদ ও রাজপথে তত্ত্বাবধায়ক ইস্যুতে আন্দোলন চালাবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদে।
সাবেক এই আইনমন্ত্রী শনিবার সকালে নোয়াখালীর কবিরহাট উপজেলায় কয়েকটি স্থানে গণসংযোগ ও পথসভায় এসব কথা বলেন।
তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠায় এখন থেকে বিএনপি রাজপথের পাশাপাশি সংসদেও আন্দোলন চালাবে। সংসদে গিয়ে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, গ্যাস-বিদ্যুৎ সংকট, শেয়ার বাজার কেলেংকারি, তিস্তা চুক্তির ব্যর্থতা নিয়ে আলোচনা করা হবে।
টানা ৮৩ দিন সংসদে অনুপস্থিত থাকার পর রোববার বিএনপির সংসদীয় দলের বৈঠক ডেকেছেন বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া। ওই বৈঠকে ‘ইতিবাচক’ সিদ্ধান্ত আসতে পারে বলে ইতোমধ্যে ইংগিত দিয়েছেন বিরোধী দলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুক।
কার্যপ্রণালী বিধি অনুযায়ী, টানা ৯০ দিন অনুপস্থিত থাকলে একজন সাংসদের সদস্য পদ শূন্য হয়ে যায়। সংসদ সদস্য পদ টিকিয়ে রাখতে হলে তাই বাকি সাত কার্যদিবসের মধ্যে বিরোধী দলের অধিবেশনে ফিরতে হবে। সর্বশেষ গত বছরের ২৪ মার্চ খালেদা জিয়ার নেতৃত্বে সংসদের অষ্টম অধিবেশনে যোগ দেন বিএনপি সংসদ সদস্যরা।
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের দাবিতে রাজপথে আন্দোলন চালিয়ে আসা বিএনপি দাবি তুলেছে, সরকারকেই এ ব্যাপারে সংসদে বিল পাস করতে হবে। অন্যদিকে ক্ষমতাসীন দলের নেতারা তেমন সম্ভাবনা উড়িয়ে দিয়ে বলে আসছেন, বিএনপির ভিন্ন কোনো প্রস্তাব থাকলে সংসদে এসেই তা দেওয়া উচিৎ।
সরকার জনগণকে ভয় পায় বলেই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে চায় না উল্লেখ করে মওদুদ বলেন, সরকার বিরোধী দলকে সভা-সমাবেশ করতে দেয় না, তাদের অধীনে জনগণ সুষ্ঠু ও অবাধ নির্বাচন আশা করে না।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির কথা উল্লেখ করে সাবেক আইনমন্ত্রী বলেন, দেশের ইতিহাসে প্রথমবারের মতো নিজ বাসার সামনে একজন বিদেশি কূটনীতিক খুন হয়েছেন। এখন পর্যন্ত সে খুনের তথ্য উৎঘাটন করতে পারেনি সরকার।
“যে সরকারের প্রধানমন্ত্রীকে সাংবাদিক দম্পতি খুনের বিষয়ে তদারকি করতে হয়, সে সরকারকে পদত্যাগ করানো ছাড়া বিকল্প নেই।”
মওদুদ আহমেদ সকালে কবিরহাট উপজেলা সদরে মঙ্গলবার আগুনে পুড়ে যাওয়া কয়েকটি প্রতিষ্ঠান পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের সমবেদনা জানান।
সমাবেশগুলোতে দলের কবিরহাট উপজেলা সভাপতি গোলাম হায়দার, সিনিয়র সহ-সভাপতি নাজমুল হুদা ফরহাদ, পৌর সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মঞ্জু, উপজেলা সাধারণ সম্পাদক কামরুল হুদা লিটন, সাবেক পৌর মেয়র ফখরুল ইসলাম দুলাল প্রমুখ বক্তব্য রাখেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৮০৭ ঘ.
bdnews24