২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্পিকারকে নিরপেক্ষ হওয়ার আহ্বান বিএনপির

সংসদ পরিচালনায় স্পিকার আব্দুল হামিদ ‘নিরপেক্ষতার প্রমাণ’ রাখতে পারেননি বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2012, 10:26 AM

Updated : 24 Aug 2022, 10:59 AM

ঢাকা, মার্চ ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংসদ পরিচালনায় স্পিকার আব্দুল হামিদ ‘নিরপেক্ষতার প্রমাণ’ রাখতে পারেননি বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুক। শনিবার এক মানববন্ধন কর্মসূচিতে তিনি বলেন, “সংসদে স্পিকারের নিরপেক্ষতার অভাব রয়েছে। তিনি নিরপেক্ষতার প্রমাণ রাখতে পারেননি। তাই মাননীয় স্পিকার আবদুল হামিদকে বলব, দয়া করে আপনি নিরপেক্ষ হোন।” বিএনপির সংসদে ফেরার ইঙ্গিত দিয়ে ফারুক বলেন, “আমরা জনগণের সমস্যা নিয়ে কথা বলতে সংসদে ফিরে যেতে চাই। সোমবার সংসদীয় দলের সভায় এ বিষয়ে সিদ্ধান্ত হবে। তবে স্পিকারকে বলব, সংসদে বিরোধী দলকে কথা বলতে দিন। সংসদের পরিবেশ যাতে বিনষ্ট না হয়, সেই ব্যবস্থা নিন।” টানা ৮৩ কর্মদিবস অধিবেশনে অনুপস্থিত থাকার পর সংসদে ফেরার বিষয়ে সিদ্ধান্ত নিতে রোববার বিকালে বিএনপির সংসদীয় দলের বৈঠক ডেকেছেন বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া। সর্বশেষ গত বছরের ২৪ মার্চ সংসদে যায় বিএনপি। জয়নুল আবদিন ফারুক বলেন, “সংসদে জিয়াউর রহমান, তারেক রহমানসহ বিরোধী দলীয় নেতার বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য প্রদান বন্ধ করুন। বিরোধী দলের সদস্যদের কথা বলতে না দিলে আমরা সংসদে থাকব না।” বিরোধী দলের সংসদে ফেরার ইংগিতে ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আমরাফুল ইসলাম ইতোমধ্যে বলেছেন, সাংসদ হিসেবে বেতন-ভাতা ঠিক রাখতেই অধিবেশনে ফিরছে বিএনপি। কার্যপ্রণালী বিধি অনুযায়ী, টানা ৯০ দিন অনুপস্থিত থাকলে একজন সাংসদের সদস্য পদ শূন্য হয়ে যায়। সংসদ সদস্য পদ টিকিয়ে রাখতে হলে তাই আর সাত কার্যদিবসের মধ্যে বিরোধী দলের অধিবেশনে ফিরতে হবে। গত ১২ মার্চের মহাসমাবেশের আগে পিরোজপুর জেলা জাতীয়তাবাদী ফোরামের সভাপতি গাজী নুরুজ্জামান বাবুলের ওপর হামলা, মহাসমাবেশে আসতে বাধা দেওয়া এবং গণগ্রেপ্তারের প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে এই মানববন্ধনের আয়োজন করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/আরএ/১৬২২ ঘ.