২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পদ রক্ষায় সংসদে ফিরবে বিএনপি: কামরুল

সংসদ বর্জন করে আসা বিএনপি সংসদ সদস্য পদ রক্ষার জন্য হলেও অধিবেশনে ফিরবে বলে আশা করছেন আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2012, 03:53 PM

Updated : 24 Aug 2022, 10:58 AM

ঢাকা, মার্চ ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংসদ বর্জন করে আসা বিএনপি সংসদ সদস্য পদ রক্ষার জন্য হলেও অধিবেশনে ফিরবে বলে আশা করছেন আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম। তিনি বৃহস্পতিবার এক অনুষ্ঠানে বলেন, “বিএনপিকে সংসদে আসতে বারবার আহ্বান জানালেও তারা তত্ত্বাবধায়ক সরকার ইস্যু নিয়ে মাঠে আন্দোলন করছে। তবে পদ রক্ষা ও বেতন-ভাতা নেওয়ার জন্য তারা সংসদে আসবে।” আইন অনুযায়ী, টানা ৯০ দিন অনুপস্থিত থাকলে সংসদ সদস্যপদ খারিজ হয়ে যায়। বিএনপির সংসদ সদস্যরা ৬০ দিনের বেশি দিন সংসদে অনুপস্থিত। ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বাংলাদেশ শিক্ষক সমিতি (কামরুজ্জামান) ও বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) যৌথভাবে ‘শিক্ষকদের একাদশ জাতীয় সম্মেলনে বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, “অন্তর্বর্তীকালীন সরকারের কোনো ফর্মুলা না দিয়ে বিরোধী দলের নেত্রী সংসদে এসে ঘণ্টার পর ঘণ্টা বক্তব্য দিয়ে আবার ওয়াক আউট করে চলে যাবেন।” তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিলে বিরোধী দল আন্দোলন করলেও একে ‘ডেড’ ইস্যু আখ্যায়িত করে কামরুল বলেন, “এটা নিয়ে কথা বলার আর কোনো সুযোগ নেই।” যুদ্ধাপরাধীদের বিচার বাধাগ্রস্তকারীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে দেশের শিক্ষক সমাজের প্রতি আহ্বান জানান তিনি। সম্মেলনে শিক্ষকরা শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ, শিক্ষক-কর্মচারীদের স্বতন্ত্র পে-স্কেল বাস্তবায়ন, সরকারি চাকরিজীবীদের মতো বেসরকারি শিক্ষকদের সুযোগ-সুবিধা দেওয়া, একাধিক টাইম স্কেলের ব্যবস্থাসহ ১১ দফা দাবি তুলে ধরেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এমআই/২১৪৫ ঘ.