ঢাকা, মার্চ ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশে অস্থিরতা তৈরির উদ্দেশ্যে নয়া পল্টনের সমাবেশস্থলে অবস্থান নেওয়ার পরিকল্পনা বিরোধী দলের ছিল বলে দাবি করেছেন আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদ।
তিনি মঙ্গলবার বঙ্গবন্ধু এভিনিউতে ঢাকা মহানগর আওয়ামী লীগের এক সভায় বলেন, “বিরোধী দল তাহরির স্কয়ার ঘটাতে চেয়েছিল। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য যে খালেদা জিয়া তার বক্তব্য শেষ করার আগেই মানুষ বাড়ি চলে গেছেন।”
মিসরে সরকারবিরোধীদের রাজধানী কায়রোর তাহরির স্কয়ারে অবস্থান নিয়ে টানা বিক্ষোভেই গত বছর পতন ঘটে হোসনি মুবারক সরকারের।
সোমবার নয়া পল্টনের সমাবেশে বিরোধী দলের হরতাল আহ্বানের জবাবে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল বলেন, “হরতাল না দিলে দলের নেতা-কর্মীরা কী হাতে বাড়ি ফিরত? এ জন্যই হরতাল দিয়েছে।”
তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি পুনর্বহালে খালেদা জিয়ার আলটিমেটামের প্রতিক্রিয়ায় তিনি বলেন, “সংসদে না এলে দাবি আদায় হবে না। এভাবে চললে সরকার পতন আর হবে না। তত্ত্বাবধায়ক সরকার এখন মৃত, তাই সে বিষয়ে কথা বলতে হলে সংসদে এসেই আপনাদের কথা বলতে হবে।”
“আওয়ামী লীগকে আন্দোলনের কথা বলে লাভ নেই। আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে আঘাত এলে তারা বারুদের মত জ্বলে ওঠে,” যোগ করেন তিনি।
বিএনপি নেতৃত্বাধীন ১৬ দলীয় নতুন জোট প্রসঙ্গে তোফায়েল বলেন, “দলছুট কিছু ব্যক্তিদের নিয়ে নামসর্বস্ব দল করে কোনো লাভ হবে না।”
সভায় আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ ২৯ মার্চের হরতাল প্রত্যাহারের জন্য বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “পল্টনে দাঁড়িয়ে আলটিমেটাম দিয়ে আওয়ামী লীগকে ভয় দেখিয়ে কোনো লাভ নেই। হুমকি-ধমকি দিয়ে আওয়ামী লীগের কাছ থেকে কোনো অন্যায় ও অসাংবিধানিক দাবি আদায় করা যাবে না।”
বুধবার ঢাকায় ১৪ দলের সমাবেশ সফলে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ওই দুই নেতা।
তোফায়েল বলেন, “আগামীকালের সমাবেশের কোনো সীমানা থাকবে না। নির্বাচিত সরকারের বিরুদ্ধে সব ষড়যন্ত্র রুখে দিতেই আগামীকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির উদ্দেশে ভাষণ দেবেন।”
হানিফ বলেন, “আগামীকালের (বুধবার) সমাবেশ বিরোধী দলের জন্য সতর্ক সঙ্কেত। এটা মুক্তিযুদ্ধের পক্ষের মানুষের দেশ, এদেশে রাজাকারদের ঠাঁই হবে না।”
ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজের সভাপতিত্বে ওই সভায় আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক অসীম কুমার উকিল, ঢাকা মহানগর সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া ও যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল ইসলাম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমআই/২০৫০ ঘ.
bdnews24