ঢাকা, মার্চ ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুদ্ধাপরাধের অভিযোগে আটক নেতাদের আবারো মুক্তি দাবি করেছে বিরোধী জোটের অন্যতম শরিক জামায়াতে ইসলামী।
সোমবার নয়া পল্টনের সমাবেশে যোগ দিয়ে দলটির নায়েবে আমির আব্দুস সোবহান বলেন, যুদ্ধাপরাধের মিথ্যা মামলায় তাদের নেতাদের গ্রেপ্তার করা হয়েছে।
তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতির পুনর্বহালের দাবিতে বিরোধীদল এই সমাবেশ করলেও সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, মহাসমাবেশের উদ্দেশ্য দেশে নৈরাজ্য সৃষ্টি।
ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতারা বলছেন, যুদ্ধাপরাধের বিচার বাধাগ্রস্ত করতেই এই মহাসমাবেশ করছে বিরোধী দল।
একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক ও বর্তমান আমীরসহ জামায়াতে ইসলামীর শীর্ষ ছয় নেতা বর্তমানে কারাগারে রয়েছেন।
জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর মকবুল আহমেদ প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে সমাবেশে বলেন, “আপনার ওপর জাতির নো কনফিডেন্স। আপনার কথা তারা (জনগণ) রাখেন নাই। তাদের মোবারকবাদ।”
শেখ হাসিনা জনগণকে বিভিন্ন ওয়াদা দিলেও তা রাখছেন না উল্লেখ করে মকবুল বলেন, “ওয়াদা দিয়ে তা লিখে রাখবেন। আখিরাতে এর হিসাব দিতে হবে।”
আওয়ামী লীগ কুরআন-সুন্নাবিরোধী বিভিন্ন কাজ করছে বলেও তিনি অভিযোগ করেন।
সরকারের উদ্দেশে তিনি বলেন, “ধর্মহীন শিক্ষা দিয়ে জাতিকে ধ্বংস করবেন না। আওয়ামী লীগই সবচেয়ে বড় সা¤প্রদায়িক দল।”
ঘরে ঘরে চাকরি দেওয়ার কথা বলে আওয়ামী লীগ তা রাখতে পারেনি বলেও অভিযোগ করেন ভারপ্রাপ্ত আমীর।
তিনি বলেন, প্রজাতন্ত্রের কর্মচারী হয়েও পুলিশ এই সমাবেশ সামনে রেখে ‘দলীয় পুলিশের’ ভূমিকা পালন করেছে।
সরকারের অন্যায় ও দেশবিরোধী কাজের প্রতিবাদ করায় জামায়াত নেতাকর্মীদের ‘অসহনীয়’ কষ্ট ভোগ করতে হচ্ছে বলেও দাবি করেন জামায়াতের ভারপ্রাপ্ত আমীর।
আওয়ামী লীগ সরকার দেশকে বিক্রি করতে চাইছে দাবি করে মকবুল বলেন, “আপনাদের পিঠ দেওয়ালে ঠেকে গেছে। তত্ত্বাবধায়ক সরকার না এলে এ অবস্থার পরিবর্তন হবে না।”
যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেপ্তারকৃত নেতাদের মুক্তি চেয়ে সকালেই মহাসমাবেশ মঞ্চের কাছে বেলুন ওড়ায় জামায়াতের সহযোগী সংগঠন ইসলামী ছাত্রশিবির।
বেশ কয়েকটি মিছিল নিয়ে সকালে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবির নেতাকর্মীরা কাকরাইলের নাইটিঙ্গেল মোড় দিয়ে সমাবেশস্থলে প্রবেশ করে। পরে তারা মঞ্চের পশ্চিম পাশে স্বেচ্ছাসেবক ও মহিলা দলের পাশে অবস্থান নেয়।
মিছিলে আটক জামায়াত নেতাদের ছবি সম্বলিত প্ল্যাকার্ড বহন করতে দেখা গেছে শিবিরকর্মীদের। অনেকের হাতে ছিলো জামায়াতে ইসলামীর নির্বাচনী প্রতীক দাঁড়িপাল্লার পোস্টার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এনআইএইচ/এসআই/এএল/১৭২০ ঘ.
bdnews24