ঢাকা, মার্চ ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির মহাসমাবেশ সামনে রেখে কঠোর নিরাপত্তার মধ্যে নয়াপল্টনসহ আশেপাশের এলাকার খাবার হোটেলগুলো বন্ধ থাকায় ভ্রাম্যমাণ দোকানই ছিল সমাবেশস্থলে আসা নেতা-কর্মী সমর্থকদের ভরসা।
এই মওকায় ভ্যানে করে খাবার বিক্রি করছেন কেউ কেউ। দুপুরে রাস্তায় বসে সেটাই খেয়েছেন সমাবেশে আসা লোকজন।
বিএনপি কার্যালয়ের সামনে এই সমাবেশকে ঘিরে সকাল থেকেই রাজধানীর বিভিন্ন স্থান থেকে নয়া পল্টনে জড়ো হতে থাকেন নেতা-কর্মী সমর্থকরা। ভিড় বাড়তে বাড়তে এক পর্যায়ে একদিকে মতিঝিল এজিবি কলোনি, অন্যদিকে কাকরাইল মোড় পর্যন্ত জনসমাগম ছাড়িয়ে যায়।
বেলা দেড়টার দিকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনের সামনে একটি ভ্যান থেকে বড় বড় ডেচকিতে করে ভুনা খিচুড়ি আর তেহারি বিক্রি করতে দেখা যায় কয়েকজনকে। হাফ প্লেট একশ আর ফুল প্লেট দুইশ টাকা দরে বিক্রি করছেন এই বিক্রেতা।
বিএনপির মূল সভামঞ্চ থেকে কয়েকশ’ গজ দূরে আরো কয়েকজন বিক্রেতা ভ্যানে করে রান্না করা খাবার বিক্রি করছেন। ভাতের সঙ্গে গরুর মাংস দুইশ টাকা করে বিক্রি করেছেন পুরান ঢাকার রেস্তোরাঁ ব্যবসায়ী ফরহাদ।
অনেকে আবার সঙ্গে করে নিয়ে আসা শুকনো খাবারই খেয়েছেন ভাগাভাগি করে। বেলা ১টার পর থেকে চানাচুর-মুড়ি কিনে রাস্তার উপর পত্রিকা বিছিয়ে খাওয়ার আয়োজন করতে দেখা গেছে অনেককেই।
এছাড়া চানাচুর, মুড়ি, বুট, শসা, আইসক্রিম ও বিভিন্ন ধরনের পানীয় বিক্রি হতে দেখা গেছে দেদরাছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এসইউ/১৫০০ ঘ.
bdnews24