ঢাকা, মার্চ ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নয়া পল্টনে দলীয় কার্যালয়ের সামনে মঞ্চ নির্মাণে এখনো অনুমতি পায়নি বিএনপি।
রোববার সকালে দেখা যায়, পুলিশ মঞ্চ নির্মাণের সামগ্রী বাঁশ, কাঠ ইত্যাদি ঘিরে রেখেছে। মঞ্চ নির্মাণের কারিগররা শনিবার রাত থেকেই বসে আছেন।
সকাল ১০টায় দলীয় কার্যালয়ের সামনে থাকা বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সাংবাদিকদের বলেন, “সব প্রস্তুতি নিয়ে আমরা বসে আছি। পুলিশ কাজ করতে দিচ্ছে না। তারা বলছে, লিখিত অনুমতি লাগবে। এদিকে মহানগর পুলিশ বলছে, মঞ্চ নির্মাণের অনুমতি দেওয়া হচ্ছে।”
এর আগে সকাল সাড়ে ৯টার দিকে বিরোধীদলীয় প্রধান হুইপ ও বিএনপির প্রচার সম্পাদক জয়নুল আবদিন ফারুক মঞ্চ নির্মাণের স্থানে যান। পুলিশ সদস্যদের সঙ্গে কথাও বলেন তিনি।
ফারুক সাংবাদিকদের বলেন, “পুলিশ কর্মকর্তারা বলেছেন, মহানগর পুলিশ কার্যালয় থেকে অনুমতিপত্র আসেনি। পরে আমি মহানগর পুলিশ কার্যালয়ে গিয়েছিলাম। সেখানে কারো সাক্ষাৎ পাইনি।”
সরকারের এই আচরণে ক্ষোভ প্রকাশ করেন তিনি।
সোমবার কার্যালয়ের সামনেই বিরোধী দলের মহাসমাবেশ হবে, যাতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ বিরোধী দলের নেতারা বক্তব্য রাখবেন।
বিএনপির এই সমাবেশ থেকে নাশকতার আশঙ্কা প্রকাশ করে আসছেন সরকারি দলের নেতারা। বিএনপি বলছে, সমাবেশের অনুমতি দেওয়াসহ জনসমাগমেও বাধা দিচ্ছে সরকার।
রিজভী বলেন, “সারাদেশে গণগ্রেপ্তার অব্যাহত রয়েছে। আজও ঢাকা আসার পথে ঝিনাইদহে কয়েকটি বাস লালন শাহ সেতুর কাছে পুলিশ আটকে নেতা-কর্মীদের গ্রেপ্তার করেছে। ঢাকা আসার পথে বরিশালের মুলাদী উপজেলা চেয়ারম্যানকে পুলিশ আটক করেছে।”
নয়া পল্টনের কার্যালয়ে রাত থেকে রিজভী ছাড়াও রয়েছেন ছাত্রদল সভাপতি সুলতান সালাহউদ্দিন টুকু, সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম খান আলিমসহ সহযোগী সংগঠনগুলোর নেতারা। শতাধিক কর্মীও রয়েছেন সেখানে।
সকাল থেকে বিএনপির কার্যালয়ের দুই পাশে পুলিশ মোতায়েন রয়েছে। পুলিশ সদস্যরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে বেষ্টনী তৈরি করেছেন।
পল্টনের আনন্দ কমিউনিটি সেন্টার কাছে বসানো হয়েছে পুলিশ চেক পোস্ট। সেখানে গাড়িতে তল্লাশি চলছে। ফকিরাপুলের কাছেও একই ধরনের চেক পোস্ট বসানো হয়েছে।
বিএনপি কার্যালয়ের সামনের ওই সড়কে যান চলাচল কম দেখা যাচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১১৪১ ঘ.
bdnews24