ঢাকা, মার্চ ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নয়া পল্টনে মহাসমাবেশের অনুমতি নিয়ে সরকার ‘লুকোচুরি’ খেলছে বলে মন্তব্য করেছেন বিএনপির মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার রাত ১০টার দিকে নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ ব্রিফিঙে তিনি বলেন, “স্থানীয় থানা-পুলিশ লিখিত অনুমতি না পাওয়ায় আমাদের মহাসমাবেশের মঞ্চ করতে দিচ্ছে না।”
“অন্যদিকে মহানগর পুলিশ বলেছে, আপনারা মহাসমাবেশ করতে পারবেন। লিখিত অনুমতি ‘দিচ্ছি, দেব’ বলে সারাদিন তারা লুকোচুরি খেলেছে।”
‘নির্দলীয় নিরপেক্ষ’ সরকারের অধীনে আগামী সংসদ নির্বাচন করার দাবিতে সোমবার (১২ মার্চ) বিএনপির এ সমাবেশ কর্মসূচি।
“পুলিশের এহেন আচরণ প্রতারণা শামিল বলে আমরা মনে করি” মন্তব্য করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব সরকারকে উদ্দেশ্য করে বলেন, “মহাসমাবেশ করতে না দিলে বলে দিন। কিন্তু এভাবে প্রতারণা করবেন না। দয়া করে আমাদের মঞ্চ র্নির্মাণের কাজটি শুরু করতে দিন।”
অন্যথায় পরিণতি শুভ হবে না বলেও হুঁশিয়ারি দেন ফখরুল।
শনিবার রাত সাড়ে ৯টার দিকে মির্জা ফখরুল খালেদার গুলশান কার্যালয়ে থেকে দলের নয়া পল্টন কার্যালয়ে আসেন। সেখানে তাকে নেতারা জানান, এখনো মঞ্চ নির্মাণের কাজ শুরু করা যায়নি। পল্টন থানা পুলিশ মঞ্চ নির্মাণের বাঁশ ও কাঠ ঘিরে রেখেছে।
দলীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ আয়োজনে পুলিশ আনুষ্ঠানিক অনুমতি দিয়েছে- গত ৩ মার্চ ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার বেনজীর আহমেদের সঙ্গে দেখা করার পর বলেছিল বিএনপি।
তবে ডিএমপির মুখপাত্র ও মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) উপকমিশনার মনিরুল ইসলাম শনিবার বিকালে বলেন, ঢাকায় মহাসমাবেশ করার ব্যাপারে বিএনপি এখনো আনুষ্ঠানিক অনুমতি পায়নি।
সংবাদ ব্রিফিঙে দলের সহ-সভাপতি সাদেক হোসেন খোকা, আবদুল্লাহ আল নোমান, যুগ্ম মহাসচিব বরকত উল্লাহ বুলু, মোহাম্মদ শাহজাহান, মহানগর সদস্য সচিব আবদুস সালাম প্রমুখ নেতা উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/পিডি/২২৫৯ ঘ.
bdnews24