ঢাকা, মার্চ ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারবিরোধী আন্দোলন বেগবান করতে চারদলীয় ঐক্যজোটের পরিধি বাড়িয়ে ‘সম্মিলিত গণতান্ত্রিক জোট’ নামে আত্মপ্রকাশ করছে।
চারদলীয় ঐক্যজোটের শরিকদের সঙ্গে নতুন জোটে লিবারেল ডেমোক্রেটিক পার্টি ও সমমনা ১০ দল নিয়ে রাজনৈতিক দলের সংখ্যা হবে ১৬টি।
দলগুলো হলো- বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী ঐক্যজোট, খেলাফত মজলিশ, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), জমিয়তে উলামা ইসলাম, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা), ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি), কল্যাণ পার্টি, বাংলাদেশ লেবার পার্টি, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (এনডিপি), বাংলাদেশ ন্যাপ, মুসলিম লীগ, ইসলামিক পার্টি ও ন্যাপ ভাসানী।
আগামী সোমবার (১২ মার্চ) রাজধানীতে মহাসমাবেশে আনুষ্ঠানিকভাবে জোট স¤প্রসারণের ঘোষণা আসার কথা।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আন্দোলনকে বেগবান করতে এই জোট স¤প্রসারণের সিদ্ধান্ত হয়েছে।”
রোববার রাতে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে ১৬ দলের শীর্ষ নেতাদের বৈঠক হবে। ওই বৈঠকে নতুন আত্মপ্রকাশ হওয়া জোটের প্রণীত ঘোষণাপত্রটিতে ১৬ দলের শীর্ষ নেতারা স্বাক্ষর করবেন।
ইসলামী ঐক্যজোটের মহাসচিব আবদুল লতিফ নেজামী বলেন, “জোট সম্প্রসারণের নতুন ঘোষণাপত্র চূড়ান্ত হয়েছে। বৈঠকে ওই ঘোষণাপত্রে সই করবেন শরিক দলের শীর্ষ নেতারা।”
১৯৯৯ সালের ৩০ নভেম্বর তৎকালীন আওয়ামী লীগের ‘ঐক্যমতের সরকারের’ বিরুদ্ধে আন্দোলন জোরদারের লক্ষ্যে বিএনপির নেতৃত্বে চারদলীয় জোট গঠনের ঘোষণাপত্র প্রকাশ করা হয়। ওই ঘোষণাপত্রে বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া, জামায়াতে ইসলামীর তৎকালীন আমির গোলাম আযম, জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ, ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান শায়খুল হাদিস আল্লামা আজিজুল হক স্বাক্ষর করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/পিডি/২১১২ ঘ.
bdnews24