২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাজ না করে দুর্নাম নিতে চাই না: ওবায়দুল

কাজ না করে দুর্নাম নিতে চান না মন্তব্য করে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এ কারণে তিনি তিন ধরনের সময়সীমা বেঁধে নিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2012, 03:36 PM

Updated : 24 Aug 2022, 10:56 AM

চট্টগ্রাম, মার্চ ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কাজ না করে দুর্নাম নিতে চান না মন্তব্য করে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এ কারণে তিনি তিন ধরনের সময়সীমা বেঁধে নিয়েছেন। বৃহস্পতিবার চট্টগ্রামে এক অনুষ্ঠানে তিনি বলেন, “আমরা পাহাড় সমান দাবিদাওয়া করতে পারি, কিন্তু বিবেচনা করতে হবে আমরা আমাদের মেয়াদে কতটুকু করতে পারব।” “কাজ না করে দুর্নাম নিতে চাই না। সে কারণে বিবেচনা করে শর্ট, মিড ও লং টামে’ কাজ করছি।” বিকালে চট্টগ্রাম সার্কিট হাউজে চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে এক মত বিনিময়ে নেতারা বিভিন্ন দাবি কাছে তুলে ধরলে ওবায়দুল এ কথা বলেন। “প্রকল্প হাতে নিয়ে করতে না পারলে ভুয়া মন্ত্রী বলবে। প্লিজ আপনারা আমাকে ভুয়া মন্ত্রী বানাবেন না,” বলেন যোগাযোগমন্ত্রী। “চট্টগ্রামকে যোগাযোগ মন্ত্রণালয় সংক্রান্ত নতুন কোনো স্বপ্ন দেখাতে পারব না। বড় স্বপ্ন বাস্তবায়ন না হলে আপনারা আমার যে প্রশংসা করছেন তা গালিতে পরিণত হবে।” চট্টগ্রামে কী কী পদক্ষেপ, পরিকল্পনা নেওয়া হয়েছে এবং অগ্রগতির কী অবস্থা তা জানতে তিনি চট্টগ্রাম এসেছেন বলে উল্লেখ করেন মন্ত্রী। কর্ণফুলী নদীর তলদেশে সুড়ঙ্গ নির্মাণ, বন্দর এলাকায় ফ্লাইওভার ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চার লেনে স¤প্রসারণসহ যোগাযোগ মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ফিরিস্তি ও পরিকল্পনা মত বিনিময়ে তুলে ধরেন তিনি। আগামী বছরের ডিসেম্বরের মধ্যে চার লেনে স¤প্রসারণের কাজ শেষ হবে আশা প্রকাশ করে ওবায়দুল কাদের বলেন, এ বছরের ডিসেম্বর নাগাদ ৪২ কিলোমিটার, ২০১৩ সালের মার্চের মধ্যে ৮০ শতাংশ কাজ শেষ হবে। এছাড়া সড়ক উন্নয়নসহ যোগাযোগ মন্ত্রণালয়ের যে কোনো অভিযোগ সড়ক ও জনপথ অধিদপ্তরে লিখিতভাবে জানানোর অনুরোধ করেন মন্ত্রী। সভায় আগামী ২৮ মার্চ চট্টগ্রামে প্রধানমন্ত্রীর মহাসমাবেশের প্রস্তুতি নিয়েও আলোচনা হয়। মহানগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন রাউজানের সরকারদলীয় সাংসদ ফজলে করিম চৌধুরী, পটিয়ার শামসুল হক চৌধুরী, সাংসদ চেমন আরা তৈয়ব, চট্টগ্রাম জেলা পরিষদ প্রশাসক এম এ সালাম, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোছলেম উদ্দিন আহমদ, মহানগরের সাধারণ সম্পাদক কাজী ইনামুল হক দানু, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবদুচ ছালাম প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/পিডি/২১৩৫ ঘ.