চট্টগ্রাম, মার্চ ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী বর্ষা মৌসুমের আগে দেশের সড়ক মেরামতের কাজ শেষ করার জন্য সব বিদেশ সফর বাতিল করার কথা জানিয়েছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি বলেছেন, সাপ্তাহিক ছুটির দিন শুক্র ও শনিবারও যোগাযোগ মন্ত্রণালয়ে কাজ চলবে।
বৃহস্পতিবার সকালে চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক স¤প্রসারণ প্রকল্প পরিদর্শন শেষে মন্ত্রী সাংবাদিকদের বলেন, বেহাল সড়কের কারণে গতবছরের মতো এবার যাতে সাধারণ মানুষকে ভুগতে না হয়, তা নিশ্চিত করতে সব ব্যবস্থা নেওয়া হবে।
“আগামী বর্ষা মৌসুমের আগেই রাস্তার যতো খানাখন্দ আছে, সব সংস্কার করা হবে। এজন্য আগামী বর্ষা মৌসুম পর্যন্ত আমি আমার বিদেশ সফর বাতিল করেছি। শুক্র-শনিবারেও মন্ত্রণালয় খোলা থাকবে।”
যতোদিন পর্যন্ত না দেশের সব রাস্তাঘাট ঠিক হচ্ছে- ততোদিন পর্যন্ত সড়কে সড়কে এভাবে পরিদর্শন চালিয়ে যাবেন বলেও উল্লেখ করেন গত বছরের শেষভাগে যোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়া ওবায়দুল কাদের।
সা¤প্রতিক সময়ে সড়ক দুর্ঘটনার হার বেড়ে যাওয়া নিয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, “দেশের মহাসড়কগুলোতে ঝুঁকিপূর্ণ ২০৯টি বাঁক চিহ্নিত করা হয়েছে, সেগুলো সোজা করার কাজ চলছে। আর যেগুলো সোজা করা যাবে না, সেগুলোতে ডিভাইডার দেওয়া হবে।”
বিপদজনক এই ২০৯টি বাঁকের মধ্যে ঢাকা-আরিচা মহাসড়কে ২২টি বাঁক রয়েছে বলেও সাংবাদিকদের জানান তিনি।
মন্ত্রী আশা প্রকাশ করেন, এ বছরের ডিসেম্বর নাগাদ সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ৪২ কিলোমিটার অংশ চার লেনে উন্নীতকরণ প্রকল্প শেষ করা সম্ভব হতে পারে।
এছাড়া ২০১৩ সালের মার্চ মাসের মধ্যে মিরসরাই পর্যন্ত ৮০ কিলোমিটার রাস্তার কাজ শেষ করা হবে বলেও জানান তিনি।
স¤প্রসারণ প্রকল্পের কাজ পরিদর্শনের পর সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া এলাকায় আনোয়ারা জুট মিলের সামনে ওই মহাসড়কে চলাচলকারী চারটি বাস থামিয়ে গাড়ি ও চালকের কাগজপত্র পরীক্ষা করেন মন্ত্রী।
এসব বাহনের যথাযথ কাগজপত্র না থাকায় তিনি স্থানীয় হাইওয়ে পুলিশকে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/জেকে/১৩৩৫ ঘ.
bdnews24