ঢাকা, মার্চ ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে দাবি করে এক্ষেত্রে সৌদি দূতাবাসের কর্মকর্তা গুলিতে নিহত হওয়ার ঘটনাটিকে নজির হিসেবে তুলে ধরেছেন খালেদা জিয়া।
বিএনপি চেয়ারপারসন মঙ্গলবার এক সভায় বলেন, “আজ দেশের অবস্থা অত্যন্ত খারাপ। মানুষের জানমালের নিরাপত্তা নেই। ঘরে-বাইরে কোথাও নিরাপত্তা নেই। এমনকি বিদেশিদেরও নিরাপত্তা নেই।”
ঢাকার সৌদি দূতাবাসের কর্মকর্তা খালাফ আল আলী সোমবার রাতে গুলশানে দুর্বৃত্তদের গুলিতে আহত হন। মঙ্গলবার হাসপাতালে তার মৃত্যু হয়।
দূতাবাস কর্মকর্তা নিহতের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বিরোধীদলীয় নেতা বলেন, “আইনের শাসন বলে দেশে এখন কিছু নেই। সাংবাদিকরাও নিরাপদ নয়। তারাও খুন হচ্ছেন। কূটনীতিক কীভাবে হত্যা হয়েছে?
“এ সরকার বোবা, কানা, অন্ধ ও অপদার্থ। যারা বোবা, কানা ও অন্ধ হয়ে যায়, তাদের ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই,” বলেন তিনি।
সরকারের সমালোচনা করে বিরোধীদলীয় নেতা বলেন, “আওয়ামী লীগ ক্ষমতায় এলে দেশে আইনশৃঙ্খলার অবনতি, দুর্নীতি, পুঁজিবাজার লুণ্ঠন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হয়।”
সীমান্তে হত্যাকাণ্ডের জন্য সরকারের ‘নতজানু’ পররাষ্ট্রনীতিকে দায়ী করে খালেদা বলেন, “সরকার প্রতিবাদ করতেও সাহস পাচ্ছে না। কারণ তারা জনগণের ভোটে নয়, অন্য দেশের বস্তাভর্তি টাকা ও মইনুদ্দিন-ফখরুদ্দীন সরকারের বদৌলতে ক্ষমতায় বসেছে।”
সংসদে না যাওয়ার কারণ দেখিয়ে তিনি বলেন, “সংসদে এখন অশ্লীল ভাষায় গালিগালাজ হয়। স্পিকার নিজে একে মাছের বাজার বলেছেন।”
বিচার বিভাগের স্বাধীনতা নেই দাবি করে বিরোধীদলীয় নেতা বলেন, “দেশে আজ দুই ধরনের বিচার চলছে। আওয়ামী লীগের লোকেরা খুন করেও মাফ পেয়ে যাচ্ছে। বিএনপিসহ অন্যরা কিছু না করেও শাস্তি ভোগ করতে হচ্ছে।”
জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক দাবি করে খালেদা বলেন, “হাজার বার বলব, জিয়াই স্বাধীনতার ঘোষক। এই সত্যকে মিথ্যা দিয়ে ঢাকা যাবে না। ক্ষমতায় থেকে ইতিহাস বিকৃতি করে পাঠ্যপুস্তকে যা পড়ানো হচ্ছে, তা নতুন প্রজন্ম গ্রহণ করবে না।”
কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিটিউশন মিলনায়তনে ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলের নির্বাচিত প্রতিনিধিদের সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেন খালেদা।
গত ২২-২৩ ফেব্রুয়ারি ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি সমর্থক আইনজীবীরা সভাপতিসহ ১৫টি পদে বিজয়ী হয়।
অনুষ্ঠানে নবনির্বাচিত কর্মকর্তাদের নিয়ে আইনজীবী সমিতির নতুন সভাপতি মো. বোরহান উদ্দিন খালেদাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
ঢাকা আইনজীবী সমিতির মতো সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির আসন্ন নির্বাচনেও বিএনপি সমর্থিত প্যানেলকে বিজয়ী করতে আইনজীবীদের প্রতি আহ্বান জানান খালেদা।
আগামী ২১ ও ২২ মার্চ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন হবে। এবার জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্যানেলে সভাপতি পদে জয়নুল আবেদিন এবং সম্পাদক পদে মো. হেলাল উদ্দিন মোল্লা প্রতিদ্বন্দ্বিতা করছেন।
বিএনপির আইনজীবীদের হুঁশিয়ার করে খালেদা বলেন, “অতীতে যারা ভুল করেছেন, তাদের ক্ষমা করেছি। এবার যদি কেউ প্যানেলের বাইরে কাজ করেন, আগামীতে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তাদের ক্ষমা করা হবে না।”
আইনজীবী নেতা লুৎফে আলমের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন মওদুদ আহমদ, মুহাম্মদ জমির উদ্দিন সরকার, রফিকুল ইসলাম মিয়া, মাহবুব উদ্দিন খোকন, সানাউল্লাহ মিয়া, ঢাকা আইনজীবী সমিতির বিদায়ী সাধারণ সস্পাদক ইকবাল হোসেন, সাবেক সাধারণ সম্পাদক মহসিন মিয়া প্রমুখ।
সাদেক হোসেন খোকা, শাহজাহান ওমর, আমানউল্লাহ আমান, নাজিম উদ্দিন আলম, মাসুদ আহমেদ তালুকদার, আবদুস সালাম, শিরিন সুলতানা, সুলতান সালাউদ্দিন টুকু সভায় ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/২০৫০ ঘ.
bdnews24