ঢাকা, মার্চ ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মহাজোট শরিক দুই দলের দুই শীর্ষনেতার সমালোচনার মধ্যেও এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানাতে নারাজ প্রধানমন্ত্রীর উপদেষ্টা গওহর রিজভী।
জাতীয় পার্টি চেয়ারম্যান এইচ এম এরশাদ এবং ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের সমালোচনার প্রতিক্রিয়া জানতে চাইলে রিজভী মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তাদের যা ইচ্ছা বলতে দিন, আমি এই বিষয়ে কিছু বলব না।”
টিপাইমুখ বাঁধ, তিস্তা চুক্তি না হওয়াসহ নানা বিষয় ধরে মেনন রোববার সংসদে বলেন, দুই উপদেষ্টার কথা শুনে মনে হয়, তারা ভারতীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা।
এর পরদিনই এরশাদ বলেন, এই উপদেষ্টারা বাংলাদেশের না, তারা ভারতের মানুষ। এসব উপদেষ্টার কোনো দরকার নেই।
প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের নিয়ে এর আগে তোফায়েল আহমেদ, আব্দুল জলিলসহ আওয়ামী লীগের কয়েকজন নেতাও সমালোচনা করেছিলেন। তবে শরিক দলের নেতাদের সমালোচনার ভাষা ছিল তীক্ষè।
উপদেষ্টাদের এই সমালোচনার প্রতিক্রিয়া প্রধানমন্ত্রীর জ্বালানি বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই ইলাহী চৌধুরীর কাছে জানতে চাইলে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “যাদের বিরুদ্ধে বলা হয়েছে, আপনি তাদের সঙ্গে কথা বলছেন না কে?
“তাদের কী পাননি,” বলেন সদা হাস্যময় এই উপদেষ্টা। “তবে এই সমালোচনা ভিত্তিহীন ও দুর্ভাগ্যজনক,” যোগ করেন তিনি।
উপদেষ্টাদের নিয়ে রাজনীতিকদের এত ক্ষোভ কেন- জানতে চাইলে তৌফিক বলেন, “তা রাজনীতিকদেরই জিজ্ঞাসা করুন।”
“প্রধানমন্ত্রী আমাদের কিছু দায়িত্ব দিয়েছেন, তিনি যতক্ষণ চাইবেন, ততক্ষণ আমরা সেই কাজ করে যাব,” বলেন এই উপদেষ্টা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/এমআই/১৮৫৫ ঘ.
bdnews24