২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামায়াতের শাহজাহান ভাংচুর মামলায় ‘শ্যোন অ্যারেস্ট’

চট্টগ্রামের সাতকানিয়ার সাবেক সাংসদ ও নগর জামায়াতে ইসলামীর সাবেক আমীর শাহজাহান চৌধুরীকে নগরীতে একটি ভাংচুরের মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2012, 03:03 PM

Updated : 24 Aug 2022, 10:54 AM

চট্টগ্রাম, মার্চ ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের সাতকানিয়ার সাবেক সাংসদ ও নগর জামায়াতে ইসলামীর সাবেক আমীর শাহজাহান চৌধুরীকে নগরীতে একটি ভাংচুরের মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। কোতোয়ালী থানা পুলিশের আবেদনের প্রেক্ষিতে সোমবার চট্টগ্রাম মহানগর হাকিম আদালত তাকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেয়। শাহজাহান চৌধুরী অন্য মামলায় গ্রেপ্তার হয়ে বর্তমানে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আছেন। ২০১১ সালের ৬ জুন নগরীর নাসিমন ভবনে বিএনপি কার্যালয়ের সামনে, কাজীর দেউরী ও লাভ লেইন এলাকায় পুলিশের সঙ্গে সংঘর্ষ ও ভাংচুরের ঘটনায় করা মামলায় শাহজাহান চৌধুরীকে গ্রেপ্তার দেখনো হয়েছে। কোতোয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) জাকির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শাহজাহান চৌধুরীকে গত বছরের ৬ জুন পুলিশের সঙ্গে বিএনপি-জামায়াতকর্মীদের ভাংচুর ও সংঘর্ষের ঘটনায় গ্রেপ্তার দেখানো হয়েছে।” এই ঘটনায় পুলিশ ও বিএনপিকর্মীসহ অন্তত ৩০ জন আহত হয়। এরপর পুলিশ বাদি হয়ে কোতোয়ালী থানায় একটি মামলা করে। চট্টগ্রাম কারাগারের কারারক্ষক মাহবুবুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শাহজাহান চৌধুরীর বিরুদ্ধে মোট ছয়টি মামলা রয়েছে। সর্বশেষ সোমবার সাতকানিয়ায় এক ব্যক্তিকে হত্যার ঘটনায় করা মামলায় উচ্চ আাদলত থেকে জামিন পান তিনি। গত বছরের ১৩ অক্টোবর ঢাকা থেকে শাহজাহান চৌধুরীকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। তাকে একই বছরের ১৯ সেপ্টেম্বর নগরীর মুরাদপুরে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবির কর্তৃক পুলিশের ওপর হামলার ঘটনায় করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে চট্টগ্রাম কারাগারে নিয়ে আসা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/পিডি/২০৫৮ ঘ.