চট্টগ্রাম, মার্চ ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগ আগামী ২৮ মার্চ নগরীর পলোগ্রাউন্ড মাঠে মহাসমাবেশ করবে।
এতে আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভাষণ দেবেন বলে স্থানীয় নেতারা আশা করছেন।
প্রধানমন্ত্রী ওইদিন নগরীর বন্দর এলাকায় চট্টগ্রামের প্রথম ফ্লাইওভারও উদ্বোধন করবেন।
মহাসমাবেশের প্রস্তুতি হিসেবে চট্টগ্রামের আওয়ামী লীগের নেতারা ঐক্যবদ্ধভাবে বৈঠক করেছেন ইতিমধ্যে।
চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সভাপতি ও সভাপতিমণ্ডলীর সদস্য আখতারুজ্জামান চৌধুরী বাবুর বাসায় গত শুক্রবার সকালে অনুষ্ঠিত বৈঠকে নগর সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরী, উত্তরের সভাপতি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, নগরের যুগ্ম সম্পাদক প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ডা. আফসারুল আমীনসহ তিন জেলার গুরুত্বপূর্ণ নেতারা উপস্থিত ছিলেন।
নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইনামুল হক দানু শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ২৮ মার্চ বুধবার প্রধানমন্ত্রী চট্টগ্রাম আসছেন। দুপুর ২টায় পলোগ্রাউন্ড মাঠে আওয়ামী লীগের মহাসমাবেশে প্রধানমন্ত্রী উপস্থিত থেকে ভাষণ দেবেন বলে আমরা আশা করছি।
চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের উদ্যোগে এ মহাসমাবেশে ১০ লাখ লোকের সমাগমের প্রস্তুতি নিয়ে কাজ শুরু হয়েছে বলে জানান তিনি।
মাঠ বরাদ্দের জন্য রোববার আবেদন করা হবে বলেও জানান তিনি।
প্রাথমিক প্রস্তুতি হিসেবে আখতারুজ্জামান চৌধুরীর বাসায় নেতাদের বৈঠক হয়েছে উল্লেখ করে দানু বলেন, তিন সাংগঠনিক জেলার উদ্যোগে জনসভা হলেও এতে কক্সবাজার ও তিন পার্বত্য জেলার আওয়ামী লীগের নেতাকর্মীরা অংশ নেবেন বলে আশা করছি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/পিডি/২১৪৮ ঘ.
bdnews24