২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাধা এলে ১২ মার্চ থেকে এক দফা: ফখরুল

মহাসমাবেশে বাধা দেওয়া হলে ১২ মার্চ থেকেই সরকার পতনের ‘এক দফার’ আন্দোলন শুরু করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে বিএনপি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Feb 2012, 02:35 PM

Updated : 24 Aug 2022, 10:52 AM

ঢাকা, ফেব্রুয়ারি ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মহাসমাবেশে বাধা দেওয়া হলে ১২ মার্চ থেকেই সরকার পতনের ‘এক দফার’ আন্দোলন শুরু করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে বিএনপি। বুধবার সন্ধ্যায় এক কর্মীসভায় দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “সরকারকে বলব, ১২ মার্চ ঢাকার মহাসমাবেশে করতে ভালো জায়গা দিন। এই কর্মসূচি সফল করতে আমাদের কর্মী সভা ও প্রস্তুতি সভাগুলোতে কোনো বাধা দেবেন না।” পাশাপাশি ১২ মার্চের কর্মসূচি সফল করতে দলের সব পর্যায়ের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার অনুরোধও জানান তিনি। গত ৯ জানুয়ারি চট্টগ্রাম পলোগ্রাউণ্ড থেকে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া ১২ মার্চ ঢাকা চলো কর্মসূচি ঘোষণা করেন। নয়া পল্টনে মহানগর কার্যালয়ের মওলানা ভাসানী মিলনায়তনে ১২ মার্চ মহাসমাবেশ সফল করা উপলক্ষে শাহবাগ থানার এই কর্মী সভা অনুষ্ঠিত হয়। দুই সপ্তাহ আগে দলটি মানিক মিয়া এভিনিউ অথবা পল্টন ময়দান অথবা নয়া পল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কের জায়গা চেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করে। এই ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ থেকে কোনো জবাব দলটি এখনো পায়নি। ১২ মার্চের মহাসমাবেশের প্রস্তুতি সম্পর্কে ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, “সেদিন দেশের বিভিন্ন অঞ্চল থেকে ঢাকায় মানুষজন আসবে। এই মহাসমাবেশের মাধ্যমে জনগণের নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবি স্পষ্টভাবে তুলে ধরা হবে।” গত বছরের মাঝামাঝি সাংবিধানিকভাবে বাতিল হওয়া তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের দাবি জানিয়ে আসা বিএনপি স¤প্রতি ‘নির্দলীয় নিরপেক্ষ সরকারের’ অধীনে আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠানের দাবি তুলেছে। সংশোধিত সংবিধান অনুযায়ী বর্তমান সরকারের মেয়াদের শেষ ৯০ দিনে ‘অন্তবর্তী সরকারের’ অধীনে আগামী জাতীয় নির্বাচন হওয়ার কথা। ২০০৯ সালের ২৫-২৬ ফেব্রুয়ারি পিলখানায় বিডিআর বিদ্রোহের সময় খালেদা জিয়া সেনানিবাসের বাসা থেকে সকাল বেলা পালিয়ে গেছেন- প্রধানমন্ত্রী শেখ হাসিনার এরকম বক্তব্যেরও জবাব দেন মির্জা ফখরুল। তিনি বলেন, “প্রধানমন্ত্রী বিরোধীদলীয় নেতাকে জড়িয়ে মিথ্যাচার করছেন। দেশের জনগণ তার মিথ্যা ভাষণে অতিষ্ঠ হয়ে গেছে।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/পিডি/২০৩৩ ঘ.