২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

করের আওতায় এল সাংসদ ও স্পিকারদের বেতন

জাতীয় সংসদের স্পিকার, ডেপুটি স্পিকার এবং সাংসদদের বেতন ও পারিতোষিক আয়করের আওতায় আনতে সংসদে পৃথক দু’টি বিল পাস হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Feb 2012, 12:55 PM

Updated : 24 Aug 2022, 10:52 AM

ঢাকা, ফেব্রুয়ারি ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় সংসদের স্পিকার, ডেপুটি স্পিকার এবং সাংসদদের বেতন ও পারিতোষিক আয়করের আওতায় আনতে সংসদে পৃথক দু’টি বিল পাস হয়েছে। এর ফলে তাদের বেতন ও পারিতোষিক গত বছরের ১ জুলাই থেকে আয়করের আওতায় এসেছে বলে গণ্য হবে। ‘স্পিকার ও ডেপুটি স্পিকার (সম্মানী ও সুবিধা) (সংশোধন) আইন-২০১২’ এবং ‘সংসদ সদস্য (সম্মানী ও ভাতা) (সশোধন) আইন-২০১২’ নামের বিল দুটি পাস হয় সংসদে বুধবারের অধিবেশনে। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী শফিক আহমেদ পাসের বিল দুটি জন্য সংসদে উত্থাপন করেন। সাধারণভাবে নির্দিষ্ট সীমার উপর অর্জিত আয় সবার ক্ষেত্রে করযোগ্য। তবে, ১৯৭৪ সালের এক আইন অনুযায়ী স্পিকার ও ডেপুটি স্পিকারের বেতন করমুক্ত। ফলে তাদের সঙ্গে সাধারণ নাগরিকের করারোপের বৈষম্য থেকেই যায়। এ বৈষম্য দূর করতে সংশোধনী বিলটি পাস করা হয়। একইভাবে ১৯৭৩ সালের এক আইন অনুসারে সাংসদদের বেতন করের আওতামুক্ত। তাদের সঙ্গে সাধারণ নাগরিকদের করারোপে বৈষম্য দূর করতে অন্য সংশোধনীটি আনা হয়। গত ২৮ নভেম্বর মন্ত্রিসভায় অনুমোদিত বিল দুটি গত ৬ ফেব্রুয়ারি সংসদে উত্থাপন করেন আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম। গত বাজেট অধিবেশনে অর্থমন্ত্রী মন্ত্রী-এমপিদের বেতন করের আওতায় আনার ঘোষণা দিয়েছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/পিডি/১৮৫৫ ঘ.