২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লোকমান হত্যা: আসামি মোবারক দুবাইয়ে গ্রেপ্তার

নরসিংদীর মেয়র লোকমান হোসেন হত্যা মামলার এজাহারভুক্ত আসামি এবং শহর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ মোবারক হোসেনকে গ্রেপ্তার করেছে দুবাই পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2012, 05:25 PM

Updated : 24 Aug 2022, 10:52 AM

ঢাকা, ফেব্রুয়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নরসিংদীর মেয়র লোকমান হোসেন হত্যা মামলার এজাহারভুক্ত আসামি এবং শহর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ মোবারক হোসেনকে গ্রেপ্তার করেছে দুবাই পুলিশ। পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক মঙ্গলবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান। তার বিরুদ্ধে ইন্টারপোলের রেড অ্যালার্ট জারি ছিল জানিয়ে শহীদুল বলেন, “তিন-চার দিন আগে তাকে সংযুক্তক আরব আমিরাতের দুবাইয়ে গ্রেপ্তার করা হয়।” সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে বাংলাদেশের বন্দি বিনিময়ে চুক্তি নেই। এক্ষেত্রে মোবরাককে কীভাবে দেশে আনা হবে- জানতে চাইলে অতিরিক্ত মহাপরিদর্শক বলেন, “তারা কিছু শর্ত দিয়েছে। চেষ্টা চলছে সেগুলো পূরণ করে দ্রুত তাকে দেশে আনার।” গত ১ নভেম্বর মেয়র এবং শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লোকমান নরসিংদীতে দলীয় কার্যালয়ে মুখোশধারীদের গুলিতে নিহত হন। এরপর তার ভাই কামরুজ্জামান কামরুলের করা মামলার তিন নম্বর আসামি মোবারক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের নরসিংদী প্রতিনিধি জানান, লোকমান হত্যার প্রায় তিন মাস আগে মোবারক মালয়শিয়া যান। সেখান থেকে তিনি যান দুবাইয়ে। লোকমান হত্যা মামলার আসামিদের বেশিরভাগই আওয়ামী লীগের স্থানীয় নেতা-কর্মী। এদের মধ্যে ডাক ও টেলিযোগযোগমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজুর ভাইও আছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/পিডি/২৩৩২ ঘ.