২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘১৪ দলীয় জোটে মতানৈক্য নেই’

আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটে কোনো মতানৈক্য নেই বলে জানিয়েছেন নেতারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2012, 02:25 PM

Updated : 24 Aug 2022, 10:52 AM

ঢাকা, ফেব্রুয়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটে কোনো মতানৈক্য নেই বলে জানিয়েছেন নেতারা। ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে মঙ্গলবার বিকেলে ১৪ দলের বৈঠক শেষে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, “আমরা ঐক্যবদ্ধ ছিলাম। ঐক্যবদ্ধ আছি।” ঐক্যবদ্ধ থাকার কথা জানিয়ে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ বলেন, “আমাদের ঐক্য ভাঙার ক্ষমতা কারো নেই। স্বাধীনতার চেতনা ও মূল্যবোধ রক্ষায় আমরা ঐক্যবদ্ধ থাকবো।” আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের আরেক সদস্য আমির হোসেন আমু বলেন, “আজকের বৈঠকই প্রমাণ করে আমরা ঐক্যবদ্ধ।” সৈয়দ আশরাফুল ইসলামের অনুপস্থিতিতে দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহাবুব-উল-আলম হানিফ বলেন, “আমরা ঐক্যবদ্ধভাবে ক্ষমতায় এসেছি। মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধ প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত আমাদের ঐক্য অটুট থাকবে।” এক প্রশ্নের জবাবে মেনন দাবি করেন, জাতীয় সমাজতান্ত্রিক দলের কেন্দ্রীয় কার্যালয়ে গত বৃহস্পতিবার সন্ধ্যায় ১৪ দলের শরিকদের কোনো বৈঠক হয়নি। তবে, বৈঠকে উপস্থিত আওয়ামী লীগের এক সাংগঠনিক সম্পাদক নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “১৪ দলের শরিকরা বিভিন্ন ফোরামে তাদের অসন্তোষের কথা বলেন। তা নিয়ে আজকের বৈঠকে তারা কোনো কথাই বলেননি।” সংবাদ সম্মেলনে মার্চ মাসে ১৪ দলের কয়েকটি কর্মসূচি রয়েছে বলে জানান হানিফ। ঢাকার সদরঘাট থেকে টঙ্গী সেতু পর্যন্ত আগামী ১১ মার্চ বিকাল চারটা থেকে পাঁচটা পর্যন্ত মানববন্ধন করবে ১৪ দল। এই মানববন্ধন সদরঘাট থেকে শুরু হয়ে নয়া বাজার, নূর হোসেন স্কোয়ার, পল্টন, বিজয় নগর, কাকরাইল, মালিবাগ, রামপুরা, বিশ্বরোড ও উত্তরা হয়ে টঙ্গী সেতুতে গিয়ে শেষ হবে। এর আগে, আগামী নয় মার্চ যুদ্ধাপরাধীদের এবং চারদলীয় জোট সরকারের সময়ে দুর্নীতির সাথে জড়িতদের বিচারের দাবিতে প্রত্যেক জেলায় মানববন্ধন করবে ১৪ দল। ১৪ দলের কেন্দ্রীয় নেতারা নিজ নিজ জেলায় এই মানববন্ধনের কর্মসূচিতে অংশ নেবেন। খুলনায় ২৩ মার্চ ১৪ দলের সমাবেশ অনুষ্ঠিত হবে। হানিফ বলেন, “বিরোধীদলীয় নেতা যুদ্ধাপরাধীদের রক্ষায় জনগণকে বিভিন্ন ভাবে বিভ্রান্ত করছেন। তার এই কর্মকান্ড প্রতিহত করতেই আমরা আগামী মাসে কর্মসূচি পালন করবো।” আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর সভাপতিত্বে বৈঠকে আরো উপস্থিত ছিলেন ওয়ার্কার্স পার্টির ফজলে হোসেন বাদশা, জাতীয় সমাজতান্ত্রিক দলের মইনুদ্দিন খান বাদল ও শিরীন আখতার, সাম্যবাদী দলের দিলীপ বড়–য়া, গণতন্ত্রী পার্টির নুরুল রহমান সেলিম, ন্যাপের এম এ গণি, কমিউনিস্ট কেন্দ্রের অসীত বরণ রায় প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এসইউ/২০২৬ ঘ.