২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাবার আসনে নির্বাচিত নাহিম রাজ্জাক

একমাত্র প্রতিদ্বন্দ্বী মহিতুল গনিকে নির্বাচনে লড়ার সুযোগ দিতে হাই কোর্টের আদেশ আপিল বিভাগের চেম্বার বিচারপতি স্থগিত করার পর রাজ্জাকপুত্রকে নির্বাচিত ঘোষণা করছে নির্বাচন কমিশন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Feb 2012, 09:24 AM

Updated : 24 Aug 2022, 10:52 AM

ঢাকা, ফেব্রুয়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শরীয়তপুর-৩ আসনে উপনির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন আব্দুর রাজ্জাকের ছেলে নাহিম রাজ্জাক। একমাত্র প্রতিদ্বন্দ্বী টি আই এম মহিতুল গনিকে নির্বাচনে লড়ার সুযোগ দিতে হাই কোর্টের আদেশ সোমবার দুপুরে আপিল বিভাগের চেম্বার বিচারপতি স্থগিত করার পর বিকালে নাহিমকে নির্বাচিত ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ফরহাদ আহম্মদ খান। গত ২৩ ডিসেম্বর আওয়ামী লীগ নেতা আব্দুর রাজ্জাকের মৃত্যুতে এ আসনটি শূন্য হয়। নবম সংসদ নির্বাচনে রাজ্জাক এই আসনে ১ লাখ ২ হাজার ৯২৫ ভোট পেয়ে নির্বাচিত হন। প্রতিদ্বন্দ্বী বিএনপির কে এম হেমায়েত উল্লাহ (আওরঙ্গ) ৫২ হাজার ৬৭২ ভোট পান। রাজ্জাকের মৃত্যু হলে আসনটি শূন্য ঘোষণা করে গত ২ ফেব্রুয়ারি নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। এতে আওয়ামী লীগ নাহিমকে মনোনয়ন দেয়। বিএনপি নির্বাচনে অংশ না নেওয়ায় প্রতিদ্বন্দ্বী একমাত্র প্রার্থী ছিলেন মহিতুল গনি। তবে গত ১৯ ফেব্রুয়ারি মনোনয়নপত্র বাছাইয়ের সময় স্বতন্ত্র প্রার্থিতায় ভোটারের স্বাক্ষরে ত্র“টি পাওয়ায় মহিতুল গনির মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা। এর বিরুদ্ধে ইসিতে আপিল করলে তাও খারিজ হয়। এরপর আদালতে যান নাগরিক কমিটির ব্যানারে প্রার্থী হওয়া মহিতুল। তার রিট আবেদনে রোববার হাই কোর্ট তাকে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দিতে ইসিকে আদেশ দেয়। সোমবার ইসির আবেদনে আপিল বিভাগের চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন হাই কোর্টের আদেশ স্থগিত করেন। এরপর সরকার পক্ষের আইনজীবীরা বলেছিলেন, এখন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নাহিমকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করতে ইসির আর বাধা নেই। শুনানিতে নির্বাচন কমিশনের পক্ষে অংশ নেওয়া ডেপুটি অ্যাটর্নি জেনারেল এম কে রহমান সাংবাদিকদের বলেন, এই আদেশের ফলে মহিতুলের প্রার্থিতা বাতিলে নির্বাচন কমিশনের আদেশ বহাল থাকল। ফলে মহিতুল আর নির্বাচনে অংশ গ্রহণ করতে পারবেন না। ডেপুটি অ্যাটর্নি জেনারেল খন্দকার দিলীরুজ্জামান বলেন, নির্বাচন কমিশন নাহিম রাজ্জাককে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করতেই এগোচ্ছিল। হাই কোর্টের আদেশ স্থগিত হওয়ায় এখন আর এতে বাধা নেই। হাই কোর্ট মহিতুলের প্রার্থিতা বাতিল এবং আপিল খারিজ কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়েও রুল জারি করে। নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্টদের চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এমআই/১৭১৫ ঘ.