২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদা লালমনিরহাটে

বগুড়ায় রাত কাটিয়ে লালমনিরহাটে পৌঁছেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, সেখানে এক জনসভায় বক্তব্য দেবেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Feb 2012, 06:59 AM

Updated : 24 Aug 2022, 10:52 AM

বগুড়া, ফেব্রুয়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বগুড়ায় রাত কাটিয়ে লালমনিরহাটে পৌঁছেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, সেখানে এক জনসভায় বক্তব্য দেবেন তিনি। সোমবার বেলা ১২টায় বগুড়া সার্কিট হাউজ থেকে বিরোধীদলীয় নেতার গাড়িবহর লালমনিরহাটে যাত্রা শুরু করে। দুপুরে লালমনিরহাট পৌঁছানোর পর বিকাল সাড়ে ৩টায় জনসভাস্থল কালেক্টরেট মাঠে যান তিনি। খালেদা জিয়ার প্রেসসচিব মারুফ কামাল খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জনসভা শেষে রাতে ঢাকার উদ্দেশে রওনা হবেন খালেদা জিয়া। লালমনিরহাটের জনসভায় যোগ দিতে রোববার ঢাকা ছাড়েন খালেদা। বগুড়ায় যাত্রাবিরতি দেন তিনি। প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মস্থান বগুড়ায় খালেদা জিয়ার আগমন উপলক্ষে পুরো শহরে তোরণ তৈরি করে বিএনপি। বিভিন্ন স্থানে নেতা-কর্মীরা রাস্তার দুই পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে খালেদাকে বিদায় জানান। গত সংসদ নির্বাচনে ফেনীর পাশাপাশি বগুড়ার দুটি আসন নির্বাচন করে বিজয়ী হন খালেদা। পরে বগুড়ার দুটি আসন ছেড়ে দিলে সেখানে বিএনপির কেন্দ্রীয় দুই নেতা মুহাম্মদ জমিরউদ্দিন সরকার ও মওদুদ আহমদ উপনির্বাচনে বিজয়ী হন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/প্রতিনিধি/এমআই/১৫৫০ ঘ.