২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সালাউদ্দিনের জামিনের শুনানি সোমবারও

বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর জামিনের পক্ষে তার আইনজীবীদের বক্তব্য সোমবারও শুনবে আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2012, 03:55 PM

Updated : 24 Aug 2022, 10:51 AM

ঢাকা, ফেব্রুয়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর জামিনের পক্ষে তার আইনজীবীদের বক্তব্য সোমবারও শুনবে আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল। ওই দিন জামায়াতে ইসলামির সাবেক প্রধান গোলাম আযমের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগের বাকি অংশও ট্রাইব্যুনালে উত্থাপনের কথা রয়েছে। সালাউদ্দিনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে উত্থাপিত ২৫টি অভিযোগের মধ্যে ছয়টি প্রত্যাহারের আবেদনের পক্ষে রোববার আবারো শুনানি করেন তার আইনজীবী ফখরুল ইসলাম। তার বক্তব্য শেষ হলে সালাউদ্দিনের জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল হক মক্কেলের জামিন চেয়ে তার যুক্তি তুলে ধরেন। কিন্তু দ্বিতীয় দিনের মতো এ আবেদনের শুনানি হলেও তা শেষ হয়নি। আদালতের সময় শেষ হওয়ায় পরবর্তী দিন বক্তব্য তুলে ধরার জন্য আদালত আরো আধা ঘণ্টা সময় দেবে বলে আহসানুলকে জানান ট্রাইব্যুনাল চেয়ারম্যান নিজামুল হক। গত ১৪ নভেম্বর সালাউদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ উত্থাপন করে প্রসিকিউশন। তিন দিন পর তা আমলে নেয় আদালত। ২০১০ সালের ১৫ ডিসেম্বর আটক করা হয় তাকে। এর পাঁচ দিন পর যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেপ্তার দেখানো হয় তাকে। গত ৩ অক্টোবর তার বিরুদ্ধে ১৯৭১ সালে মানবতাবিরোধী অপরাধে সংশ্লিষ্টতা নিয়ে প্রায় আট হাজার পৃষ্ঠা তথ্যসহ ১১৯ পৃষ্ঠার প্রতিবেদন চিফ প্রসিকিউটরের হাতে তুলে দেয় ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এএইচ/পিডি/২১৫৬ ঘ.