ঢাকা, ফেব্রুয়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিডিআর জওয়ানদের হাতে ৫৭ সেনা কর্মকর্তা নিহতের দিনকে জাতীয় শোক দিবস ঘোষণার দাবি জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ।
রোববার ডিপ্লে¬¬ামা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক সভায় তিনি বলেন, “সেনা কর্মকর্তাদের হত্যার দিনটিকে জাতীয় শোক দিবস ঘোষণা করা হোক। জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হোক। আমরা দিনটিকে মনে রাখতে চাই।”
২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানায় তৎকালীন বাংলাদেশ রাইফেলসের (বিডিআর) জওয়ানদের বিদ্রোহে ৫৭ সেনা কর্মকর্তাসহ অন্তত ৭৩ জন নিহত হয়।
বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর এটাই বড় ঘটনা উল্লেখ করে সাবেক সেনাপ্রধান এরশাদ বলেন, “তারা আমার সন্তান ছিল। সবাই কোনো না কোনো সময় আমার অধীনে কাজ করেছে। সন্তান হারানোর ব্যথা গভীর, চেষ্টা করলেও তা ভোলা যায় না।”
“সেদিন পিলখানার গেটের সামনে দাঁড়িয়ে ছিলাম। আমি সেনাপ্রধান থাকলে একটি ছেলেকেও মরতে দিতাম না। ইচ্ছে করলেই তাদের বাঁচানো যেত,” ক্ষোভের সঙ্গে বলেন তিনি।
পিলখানা হত্যাকাণ্ডের মূল্য ঘটনা উদ্ঘাটনের দাবি জানিয়ে ক্ষমতাসীন মহাজোটের শরিদ দলের নেতা এরশাদ বলেন, রহস্য উদঘাটন প্রয়োজন। এতে সেনাদের মনোবল বাড়বে। তারা সাহস ফিরে পাবে এবং আস্থার সঙ্গে কাজ করতে পারবে।
সারাদেশে বিডিআর বিদ্রোহের ঘটনায় এই বাহিনীর নিজস্ব আইনে এই পর্যন্ত ৬ হাজার ৪৫ আসামির মধ্যে ৩ হাজার ৩৬ জনের চার মাস থেকে সাত বছর সাজা হয়েছে। পিলখানায় হত্যাকাণ্ডের মামলার বিচার চলছে প্রচলিত আইনে সাধারণ আদালতে।
বিদ্রোহের পর বিডিআরের নাম পরিবর্তন করে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি করা হয়েছে।
এরশাদ বলেন, “নাম পরিবর্তন করলেই দুঃখ-বেদনা মুছে যায় না। সত্য উদঘাটন করুন, এতে তাদের (সেনা) আত্মা শান্তি পাবে।”
নিহত সেনা কর্মকর্তাদের পরিবারের সদস্যদের দেখাশোনা করতে প্রধানমন্ত্রীকে অনুরোধও করেন তিনি।
বিদ্রোহে নিহত সেনা কর্মকর্তাদের স্মরণে জাতীয় পার্টি আয়োজিত স্মরণ সভায় বক্তব্য দেন এরশাদ।
এতে অন্যদের মধ্যে জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর আহমেদ, আনিসুল ইসলাম মাহমুদ ছাড়াও দলের অন্য সভাপতিমণ্ডলীর সদস্য ও চেয়ারম্যানের উপদেষ্টারা বক্তব্য দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এমআই/১৩৩৮ ঘ.
bdnews24