ঢাকা, ফেব্রুয়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারের পক্ষে বেডরুম পাহারা দেওয়া সম্ভব না- প্রধানমন্ত্রীর এ বক্তব্যের সমালোচনা করে বিরোধী দলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুক বলেছেন, জনগণকে নিরাপত্তা দেওয়ার শপথ নেওয়ার পর এমন মন্তব্য শেখ হাসিনা করতে পারেন না।
শুক্রবার সকালে এক মানববন্ধন কর্মসূচিতে বিএনপি নেতা ফারুক বলেন, “হত্যার ঘটনার ১৩ দিন পরও হত্যাকারীরা গ্রেপ্তার হয়নি। প্রধানমন্ত্রী বলছেন, বেড রুমের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব সরকারের নয়। আলামত নষ্ট করে ফেলা হয়েছে। এসব কথা-বার্তা থেকে মনে হচ্ছে- সাগর-রুনি হত্যাকাণ্ড সরকার ধামাচাপা দিচ্ছে।”
“নানারকম বিভ্রান্তি ছড়িয়ে তারা তদন্তকে হিমাগারে নিয়ে গেছে”, যোগ করেন ফারুক।
গত ১১ ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারে নিজেদের ভাড়া বাসার খুন হন মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার এবং তার স্ত্রী এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি।
এরপর প্রায় দুই সপ্তাহ হতে চললেও পুলিশ হত্যাকারীদের চিহ্নিত কিংবা গ্রেপ্তার করতে না পারায় বুধবার সারাদেশে সমাবেশ করে সাংবাদিকদের সবগুলো সংগঠন। এই সমাবেশ থেকে কর্মবিরতি ও অনশনের নতুন কর্মসূচি দেওয়া হয়।
সাংবাদিকদের এই আন্দোলনের সমালোচনা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার এক অনুষ্ঠানে বলেন, “সাংবাদিকরা এখন সবাই মিলে আন্দোলন করছেন। কিন্তু, সরকারের পক্ষে তো কারো বেডরুম পাহারা দেওয়া সম্ভব নয়।”
প্রধানমন্ত্রীর ওই বক্তব্যের সমালোচনায় জাতীয় প্রেস ক্লাবের সামনে লেবার পার্টির মনববন্ধনে ফারুক বলেন, “বেড রুমে নিরাপত্তার দায়িত্ব সরকারের নয়- এরকম বক্তব্য তো বাংলাদেশের প্রধানমন্ত্রী দিতে পারেন না। তিনি সংবিধানে হাত রেখে শপথ নিয়েছেন, দেশের ১৬ কোটি মানুষের নিরাপত্তা দেবেন, দেশের সীমান্ত রক্ষা করবেন।”
“যারা জনগণের নিরাপত্তা দিতে প্রকাশ্যে অপারগতা প্রকাশ করছে, তাদের ক্ষমতায় থাকার অধিকার। সরকারকে বলবো- অবিলম্বে নিরপেক্ষ সরকারের অধীন র্র্নিবাচন দিয়ে ক্ষমতা ছেড়ে দিন”, যোগ করেন বিএনপির প্রচার সম্পাদক ফারুক।
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের দাবিতে আগামী ১২ মার্চ বিএনপি নেতৃত্বাধীন জার দলীয় জোটের ‘ঢাকা চলো’ কর্মসূচি প্রসঙ্গে তিনি বলেন, “সরকারকে বলব, মানিক মিয়া অথবা পল্টন ময়দান অথবা নয়া পল্টন- যে কোনো একটি স্থানে মহাসমাবেশ করার অনুমতি দিন। নইলে যেখানে বাধা দেওয়া হবে, সেখান থেকেই প্রতিরোধের কর্মসূচি ঘোষণা করা হবে।”
পিলখানা হত্যাকাণ্ডের স্মরণে ২৫ ফেব্র“য়ারিকে জাতীয় শোক দিবস ঘোষণার দাবিতে আয়োজিত এই মানববন্ধন কর্মসূচিতে সভাপতিত্ব করেন লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান।
অন্যদের মধ্যে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা রুহুল আলম চৌধুরী, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাজিম উদ্দিন আলম, লিবারেল ডেমোক্রেটিক পার্টির যুগ্ম মহাসচিব শাহাদাত হোসেন সেলিম, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির সভাপতি খন্দকার গোলাম মূর্তজা এ সময় বক্তব্য দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জেকে/১৩৩৫ ঘ.
bdnews24