নেত্রকোনা, ফেব্রুয়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নেত্রকোনার আটপাড়ায় আওয়ামী লীগ কার্যালয়ে ভাঙচুরের ঘটনায় ৩৩ বিএনপি নেতাকর্মীর নামে দ্রুত বিচার আইনে মামলা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়ের করা এ মামলায় বিএনপি ছাড়াও সহযোগী সংগঠন যুবদল, ছাত্রদল নেতা-কর্মীদের আসামি করা হয়েছে বলে জানান আটপাড়া থানার ওসি।
মঙ্গলবার রাতে একদল দুস্কৃতকারী উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালায়। এ ঘটনায় বিএনপিকে দায়ী করে পরদিন সকালে আওয়ামী লীগ নেতা-কর্মীরা উপজেলা বিএনপির দলীয় কার্যালয় ভাঙচুর করে। অবশ্য বিএনপি দাবি করছে, দলীয় নেতা-কর্মীদের নির্যাতন করার জন্য আওয়ামী লীগ নিজেরাই তাদের কার্যালয় ভাঙচুর করেছে।
আটপাড়া থানার ওসি সালেমুজ্জামান সাংবাদিকদের জানান, আওয়ামী লীগ কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনায় বিএনপির ২১ নেতাকর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরো ১২ জনকে আসামি করা হয়েছে।
আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান ওসি।
তিনি জানান, মামলায় সাবেক উপজেলা চেয়ারম্যান জহিরুল ইসলাম খান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম ও উপজেলা বিএনপির সদস্য মোশারফ হোসেনের নাম রয়েছে।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নাসের তালুকদার নীলু জানান, আওয়ামী লীগ কার্যালয়ে ভাঙচুরের অভিযোগে মামলাটি দায়ের করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এএল/১৭০৩ ঘ.
bdnews24