২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভাষাসৈনিকের তালিকায় নাম না দেখে ক্ষোভ মওদুদের

নিজেকে ভাষাসৈনিক দাবি করে এই তালিকায় নিজের নাম যোগ করার দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2012, 10:52 AM

Updated : 24 Aug 2022, 10:50 AM

ঢাকা, ফেব্রুয়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিজেকে ভাষাসৈনিক দাবি করে এই তালিকায় নিজের নাম যোগ করার দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ। বুধবার সুপ্রিম কোর্টে এক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত ভাষাসৈনিকদের তালিকায় নাম না দেখে তিনি বিস্মিত হয়েছেন। আদালতের নির্দেশে ভাষাসৈনিকদের একটি তালিকা তৈরি করে সংস্কৃতি মন্ত্রণালয় হাই কোর্টে জমা দেয়। ওই তালিকা ধরে কয়েকটি পত্রিকায় প্রতিবেদন প্রকাশিত হয়। মওদুদ বলেন, “স্কুলজীবন থেকে আমি ভাষা আন্দোলনে সম্পৃক্ত ছিলাম। রাষ্ট্রভাষা বাংলার দাবিতে স্কুলের নীতি লঙ্ঘন করে ছাত্র ধর্মঘটে যোগদান করায় ১৯৫১ সালে আমি ঢাকার সেন্ট গ্রেগরিজ হাই স্কুল থেকে বহিষ্কৃত হই।” “১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি মেডিক্যাল কলেজ ছাত্রাবাসের সামনে (যেখানে এখন শহীদ মিনার) আমার সামনেই পুলিশের গুলিবর্ষণ হয়। বরকতের গুলিবিদ্ধ দেহ স্ট্রেচারে করে মেডিক্যাল কলেজের জরুরি বিভাগে নেওয়ার সময় আমিও সঙ্গে ছিলাম,” বলেন তিনি। বিএনপি নেতা জানান, ’৫২ এর ধারাবাহিকতায় ১৯৫৫ সালের ২১ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনে থেকে অনেকের সঙ্গে তিনিও গ্রেপ্তার হন এবং এক মাস কারাগারে ছিলেন। ওই সময়ে তিনি ঢাকা কলেজে পড়তেন বলে জানান তিনি। ১৯৫৫ সালে গ্রেপ্তার হওয়াদের মধ্যে বর্তমান অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতও ছিলেন বলে জানান মওদুদ। ভাষাসৈনিকদের তালিকায় মুহিতের নাম থাকলেও নিজের নাম না থাকায় ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, “উদ্দেশ্যমূলকভাবে আমার নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এমআই/১৬৪৫ ঘ.