ঢাকা, ফেব্রুয়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পরিবেশ আইন লংঘন করে কক্সবাজারের সমুদ্র সৈকতে স্থাপনা নির্মাণের অভিযোগে লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রধান অলি আহমেদকে তলব করেছে হাইকোর্ট।
বুধবার বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে এই আদেশ দেয়।
আগামী ২৮ ফেব্রুয়ারি তাকে আদালতে হাজির হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
বুধবার ইংরেজি দৈনিক ডেইলি স্টারে ‘অলিস ক্যাসল অন বিচ’ শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন আমলে নিয়ে আদালত এই আদেশ দেয়।
প্রতিবেদনে বলা হয়, লিবারেল ডেমোক্রেটিক পার্টির সভাপতি ও সংসদ সদস্য অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদ পরিবেশ আইন লংঘন করে কক্সবাজার সমুদ্র সৈকতে ঝাউবনের মধ্যে চারতলা একটি স্থাপনা নির্মাণ করছেন। ওই স্থানটি পরিবেশগত বিপন্ন এলাকার (ইসিএ) মধ্যে পড়েছে। বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন-১৯৯৫ (২০১০ সালে সংশোধিত) অনুযায়ী ওই এলাকায় সকল ধরনের স্থাপনা নির্মাণ নিষিদ্ধ।
প্রতিবেদনের ভাষ্যমতে, ‘আইপিএল স্যান্ডক্যাসল’ নামে ওই স্থাপনা নির্মাণে অলি আহমেদ ইমপালস প্রোপার্টিজ নামের একটি রিয়েল এস্টেট কোম্পানির সঙ্গে চুক্তিবদ্ধ হন। ২০১০ সালের নভেম্বর মাসে ওই ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়।
আদালত একই সঙ্গে ওই স্থাপনা নির্মাণের অভিযোগে কেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না এবং নির্মিত স্থাপনা ভেঙে ফেলতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছে।
১২ দিনের মধ্যে পরিবেশ সচিব, ভূমি সচিব, কক্সবাজার জেলার প্রশাসক ও পুলিশ সুপারকে ওই রুলের জবাব দিতে বলা হয়েছে।
ওই স্থানে আর কোনো নির্মাণ কাজ যাতে না চলতে পারে সে বিষয়ে ব্যবস্থা নিতে কক্সবাজারের জেলা প্রশাসক ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।
আদালতে প্রতিবেদনটি পড়ে শোনান বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির আইনজীবী অ্যাডভোকেট ইকবাল কবির লিটন। শুনানিতে অংশ নেন, অ্যাডভোকেট মনজিল মোরসেদ ও ওই ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার এবিএম আলতাফ হোসেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এসইউ/১৪০০ ঘ.
bdnews24