ঢাকা, ফেব্রুয়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজপথে আন্দোলনের পাশাপাশি সংসদেও সরব ভুমিকা পালনের জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন ভাষাসৈনিক আব্দুল মতিন।
একুশে ফেব্রুয়ারিতে মঙ্গলবার সন্ধ্যায় বিরোধীদলীয় নেতা প্রবীণ এই রাজনীতিবিদকে দেখতে তার মোহাম্মদপুরের বাসায় গেলে তিনি এই আহ্বান জানান।
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাবেক পলিটব্যুরো সদস্য মতিনের সঙ্গে প্রায় ৩০ মিনিট দেশের চলমান অবস্থা ও রাজনীতি নিয়ে আলোচনা করেন খালেদা জিয়া।
খালেদা জিয়াকে সংসদে যাওয়ার পরামর্শ দিয়ে মতিন বলেন, “সংসদের ভেতরে-বাইরে চলমান আন্দোলনকে প্রসারিত করতে হবে। সরকারি দল একতরফাভাবে সংসদে যা-ইচ্ছা অন্যায়ভাবে বলে যাচ্ছে। সে জন্য আপনাকে প্রতিবাদ জানাতে সংসদে যেতে হবে।
“প্রতিবাদ জানিয়ে প্রয়োজনে ওয়াকআউট করে আবার সংসদে যাবেন,” পরামর্শ দিয়েছেন তিনি।
বিএনপি চেয়ারপারসনের প্রেসসচিব মারুফ কামাল খান সাংবাদিকদের বলেন, একুশে ফেব্রুয়ারিতে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের আহ্বায়ক আব্দুল মতিনের প্রতি শ্রদ্ধা জানাতেই তার বাসায় গিয়েছিলেন খালেদা জিয়া। এই সময় রাজনীতি নিয়ে বিভিন্ন পরামর্শ দেন তিনি।
খালেদা জিয়ার নেতৃত্বে সরকারবিরোধী আন্দোলন সফল হবে বলেও আশা করেছেন মতিন।
মারুফ কামাল বলেন, “প্রবীন এই ভাষাসৈনিক বিরোধী দলীয় নেতাকে বলেছেন, রাষ্ট্র পরিচালনায় নীতি থাকবে। তবে অবশ্যই আপনাকে (খালেদা জিয়া) কৌশলী হতে হবে।
“জবাবে খালেদা জিয়া বলেছেন, আপনি (মতিন) এদেশ প্রতিষ্ঠার জন্য দীর্ঘ সংগ্রাম করেছেন। আপনার দীর্ঘ অভিজ্ঞতা আমাদের পাথেয় হবে,” বলেন প্রেসসচিব।
মোহাম্মদপুরের বাসায় ঢুকেই ৮৫ বছর বয়সী মতিনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বিরোধীদলীয় নেতা। তিনি তার স্বাস্থ্যের খোঁজ-খবরও নেন।
ভাষাসৈনিকের স্ত্রী গুলবদন নেসা মনিকা ও দুই মেয়ের সঙ্গেও কুশল বিনিময় করেন খালেদা।
বিএনপি চেয়ারপারসনের সঙ্গে ছিলেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সহসভাপতি সেলিমা রহমান, ভাষাসৈনিক মতিনের ভাতিজা সাবেক সংসদ সদস্য মঞ্জুর কাদের, সাবিহউদ্দিন আহমেদ, যুব দলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, মহানগর বিএনপির সদস্য সচিব আবদুস সালাম, সাবেক ওয়ার্ড কমিশনার আবদুল মতিন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/২০২০ ঘ.
bdnews24