ঢাকা, ফেব্রুয়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকায় ১২ মার্চের মহাসমাবেশ সফল করতে চারদলীয় জোটের শরিক ও সমমনাদের নিয়ে বৈঠকে বসছেন বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া।
বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার প্রেস সচিব মারুফ কামাল খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাত ৮টায় গুলশানে চেয়াপার্সনের কার্যালয়ে এই বৈঠক শুরু হবে।
“আগামী ১২ মার্চের কর্মসূচি সফল করার বিষয়ে বৈঠকে আলোচনা হবে”, বলেন তিনি।
গত ৭ জানুয়ারি চট্টগ্রামের পলোগ্রাউণ্ড মাঠ থেকে ‘ঢাকা চলো’ কর্মসূচি ঘোষণা করেন খালেদা জিয়া। এর অংশ হিসেবে ১২ মার্চ ঢাকায় এই মহাসমাবেশ হওয়ার কথা।
বিএনপি নেতারা বলছেন, এ কর্মসূচি প্রতিরোধে সরকারের মন্ত্রী ও ক্ষমতাসীন দলের নেতাদের বক্তব্যের পরিপ্রেক্ষিতে মহাসমাবেশ সফল করাকে একটি চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে চার দল। ওইদিন ঢাকায় ব্যাপক জনসমাবেশ করার জন্য বিএনপির শীর্ষস্থানীয় নেতাদের নিয়ে ৪৫টি কমিটি গঠন করা হয়েছে। এসব কমিটি ইতোমধ্যে কাজও শুরু করেছে।
খালেদা জিয়া ইতোমধ্যে লক্ষ্মীপুরে এক জনসভায় বলেছেন, ১২ মার্চের মহাসমাবেশে বাধা এলে কঠিন কর্মসূচি দেওয়া হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জেকে/১৩৩৫ ঘ.
bdnews24