চট্টগ্রাম, ফেব্রুয়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামে যুবদলের দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে হাতাহাতি হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
রোববার সন্ধ্যা পৌনে ৬টার দিকে চট্টগ্রাম নগরীর নাসিমন ভবনে বিএনপি কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
চট্টগ্রাম মহানগর পুলিশের সহকারী কমিশনার আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, সন্ধ্যার দিকে নাসিমন ভবনের ভেতরে যুবদলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ ঘটনায় উভয়পক্ষের বেশ কয়েকজন আহত হয়।
প্রত্যক্ষদর্শী বিএনপি নেতারা নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের নতুন কমিটিতে স্থান না পাওয়া নিয়ে উত্তর জেলা বিএনপি’র সভাপতি গিয়াস উদ্দিন কাদের চৌধুরী ও সাধারণ সম্পাদক আসলাম চৌধুরীর অনুসারী যুবদলনেতাদের মধ্যে হাতাহাতি হয়।
আহতদের প্রায় সবাই আসলাম চৌধুরীর সমর্থক বলে জানান তারা।
আগামী ১২ মার্চ ঢাকায় বিএনপি’র মহাসমাবেশ সফল করার লক্ষ্যে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি’র বর্ধিত সভা শেষে এ ঘটনা ঘটে বলে জানান বিএনপি নেতারা।
চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি’র সহ-সভাপতি এস এম ফজলুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিএনপি’র বর্ধিতসভা শেষে দোতলায় দলীয় কার্যালয় থেকে নামার পথে দুইপক্ষের মধ্যে হৈ চৈ হয়েছে।
“যুবদলের কমিটি নিয়ে কিছু একটা হতে পারে।”
এ ঘটনায় কোনো মামলা বা কাউকে গ্রেপ্তার করা হয়নি বলে জানান পুলিশ কর্মকর্তা আব্দুল্লাহ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এএইচ/পিডি/২১০৪ ঘ.
bdnews24