লক্ষ্মীপুর, ফেব্র“য়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গণমিছিলে পুলিশের গুলিতে নিহতদের পরিবারকে সান্ত্বনা জানাতে লক্ষ্মীপুরে এসেছেন বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া। লক্ষ্মীপুর আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় বিএনপির এক জনসভায় অংশ নিচ্ছেন তিনি।
শনিবার বিকাল ৪টা ২৫ মিনিটে খালেদা জিয়া জনসভা মঞ্চে উঠলে নেতা-কর্মীরা করতালি দিয়ে তাকে স্বাগত জানায়।
শনিবার সকাল পৌনে ১১টায় রাজধানীর গুলশানের বাসা থেকে তার গাড়িবহর রওনা হয়। তিনি লক্ষ্মীপুর সার্কিট হাউজে পৌছান বিকাল ৩টা ২০ মিনিটে।
২০০৮ সালের নির্বাচনের পর এটিই লক্ষ্মীপুরে বিরোধী দলীয় নেতার প্রথম জনসভা। এ উপলক্ষ্যে লক্ষ্মীপুরের বিভিন্ন উপজেলা থেকে সকাল থেকেই নেতা-কর্মীরা জেলা সদরে আসতে শুরু করেন। দুপুর আড়াইটায় জেলা বিএনপির সভাপতি সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়ার সভাপতিত্বে শুরু হয় সভার কার্যক্রম। এক পর্যায়ে স্কুলের মাঠ যেন জনসমুদ্রে পরিণত হয়।
জনসভার মঞ্চে উঠে খালেদা জিয়া গণমিছিলে নিহত আবুল কাশেম ও রুবেল হোসেনের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। গত ২৯ জানুয়ারি লক্ষ্মীপুরে বিএনপির গণমিছিল কর্মসূচিতে পুলিশের সঙ্গে সংঘর্ষের সময় গুলিতে নিহত হন তারা।
খালেদা জিয়ার বক্তব্য যাতে সবাই শুনতে পারে- সেজন্য মাঠের ভেতরে ও বাইরে বহু সংখ্যক মাইক বসানো হয়েছে। লক্ষ্মীপুরে সদর ছাড়াও রামগঞ্জ, রায়পুর, কমলনগর ও রামগতি, বেগমগঞ্জ উপজেলা থেকেও বাস-ট্রাক করে নেতা-কর্মীরা এসেছেন এই জনসভায় যোগ দিতে।
খালেদা জিয়ার জনসভা উপলক্ষে লক্ষ্মীপুর শহরের মূল সড়ক তোরণ ও ব্যানার-ফেস্টুনে সাজানো হয়েছে। এছাড়া জনসভাস্থলের আশেপাশের এলাকা সাজানো হয়েছে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান, খালেদা জিয়া এবং তাদের বড় ছেলে তারেক রহমানের ছবি সম্বলিত ডিজিটাল ব্যানার দিয়ে।
জনসভাস্থলের নিরাপত্তায় পুলিশ ও র্যাব মোতায়েন করা হয়েছে স্কুল মাঠের আশেপাশে।
অন্যান্যের মধ্যে ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, মইন খান, যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, বরকত উল্লাহ বুলু, মোহাম্মদ শাহজাহান, মাহবুব উদ্দিন খোকন, ছাত্র বিষয়ক সম্পাদক ও জেলা সাধারণ সম্পাদ শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, বিরোধী দলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুক, লিবারেল ডেমোক্রেটিক পার্টির যুগ্ম মহাসচিব সাহাদাত হোসেন সেলিম, সাংসদ এ বি এম আশরাফ উদ্দিন নিজান, নাজিম উদ্দিন আহমেদ এ জনসভায় উপস্থিত রয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএম/জেকে/১৬৫০ ঘ.
bdnews24