২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাবুর সংবর্ধনা সভার মঞ্চে আ. লীগের উভয় পক্ষ

চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি আখতারুজ্জামান চৌধুরী বাবুর সংবর্ধনা সভার মঞ্চে একসঙ্গে উঠেছেন নগর কমিটির বিবদমান দুই পক্ষের নেতারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2012, 03:54 PM

Updated : 24 Aug 2022, 10:47 AM

চট্টগ্রাম, ফেব্র“য়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি আখতারুজ্জামান চৌধুরী বাবুর সংবর্ধনা সভার মঞ্চে একসঙ্গে উঠেছেন নগর কমিটির বিবদমান দুই পক্ষের নেতারা। সংসদ সদস্য বাবু দলের কেন্দ্রীয় সভাপতিমণ্ডলীর সদস্য হওয়ায় বৃহস্পতিবার বিকালে তাকে সংবর্ধণা দেওয়া হয়। নগরীর মুসলিম হল মিলনায়তনে চট্টগ্রাম উত্তর, দক্ষিণ ও মহানগর আওয়ামী লীগ যৌথভাবে এ সংবর্ধনার আয়োজন করে। এ বি এম মহিউদ্দিন চৌধুরীর সভাপতিত্বে এই সভায় নগরের দুই পক্ষের নেতাদের বক্তব্যে ছিল ঐক্যের সুর। যাকে নিয়ে এই আয়োজন, সেই আখতারুজ্জামান বাবুও বলেন, “অতীতে যা হয়েছে, তা ভুলে সবাইকে এক সঙ্গে কাজ করতে হবে। অতীতের কথা মনে রাখলে সামনে এগোনো যাবে না।” চট্টগ্রাম নগর আওয়ামী লীগের এক অংশের নেতৃত্ব দেন মহিউদ্দিন। অন্য অংশের নেতৃত্বে রয়েছেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফসারুল আমীন ও সংসদ সদস্য নুরুল ইসলাম বিএসসি। দুই পক্ষকে কয়েকদিন আগে পর্যন্ত আলাদাভাবে দলীয় কর্মসূচি পালন করতে দেখা গেলেও বৃহস্পতিবার একসঙ্গেই মঞ্চে ওঠেন মহিউদ্দিন, আফসারুল ও নুরুল ইসলাম। মহিউদ্দিনের অনুসারী নগর কমিটির সাধারণ সম্পাদক কাজী ইনামুল হক দানু, সদস্য আ জ ম নাছির উদ্দিনও ছিলেন অনুষ্ঠানে। মঞ্চে মাঝে বসেছিলেন আখতারুজ্জামান, তার ডানে ছিলেন মহিউদ্দিন, বামে ছিলেন যথাক্রমে আফসারুল, নুরুল ইসলাম ও ইনামুল। সবাই একসঙ্গে কাজ করতে আখতারুজ্জামানের আহ্বানের পর মহিউদ্দিন বলেন, “ঢাকায় দলীয় নেত্রী যে নির্দেশনা দিয়েছেন, তা বাস্তবায়ন করতে হলে সবাইকে মাঠে নেমে কাজ করতে হবে। ঘরে বসে ঐক্যের কথা বললে হবে না।” চট্টগ্রাম নগর আওয়ামী লীগের দীর্ঘদিনের এই বিরোধ অবসানে কেন্দ্রীয় নেতৃত্বের হস্তক্ষেপও হয়ে আসছে। গত বছরের ২৬ ফেব্র“য়ারি সার্কিট হাউজে তিন জ্যেষ্ঠ নেতাকে দায়িত্ব দেন শেখ হাসিনা। ওই তিন জনের মধ্যে আখতারুজ্জামানও ছিলেন। এরপর গত ৯ ফেব্র“য়ারি নগর নেতাদের সঙ্গে ঢাকায় বৈঠক করেন শেখ হাসিনা। মিলেমিশে কাজ করার নির্দেশও দেন তিনি। তবে এরপরও দুটি পক্ষ আলাদাভাবে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। সর্বশেষ গত বুধবার ‘কালো দিবস’ও আলাদাভাবেই পালিত হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউ/এমসি/এমআই/২১৫১ ঘ.