ঢাকা, ফেব্র“য়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুক্তিযুদ্ধকালীন জামায়াতে ইসলামীর আমির গোলাম আযমের বিরুদ্ধে একাত্তরে যুদ্ধাপরাধের যে অভিযোগ এসেছে, তা ট্রাইব্যুনালে উপস্থাপন শুরু হয়েছে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বুধবার দুপুরের পর অভিযোগ উপস্থাপন শুরু করেন প্রধান প্রসিকিউটর গোলাম আরিফ টিপু।
মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী এবং এদেশে পাকিস্তানি বাহিনীর মূল দোসর গোলাম আযম ৫২টি ঘটনায় ১০০টির বেশি অপরাধের সঙ্গে জড়িত ছিলেন বলে ৩৬০ পৃষ্ঠার তদন্ত প্রতিবেদনে বলা হয়, যা গত বছরের ১২ ডিসেম্বর ট্রাইব্যুনালে জমা পড়ে।
কিছু অংশ পড়ে শোনানোর পরই ট্রাইব্যুনালের দিনের কার্যক্রম শেষ হয়। বৃহস্পতিবার পুনরায় অভিযোগ উপস্থাপন হবে।
অভিযোগ উপস্থাপন শুরুর আগে বুধবার সকালে আদালতের কার্যক্রমের শুরুতেই গোলাম আযমের জামিন চান তার আইনজীবীরা। আগামী ২৩ ফেব্র“য়ারি এ বিষয়ে আদেশ হবে।
শুনানির প্রায় অর্ধেক সময় ট্রাইব্যুনালে ছিলেন গোলাম আযম। দুপুরের পর আদালতের অনুমতি নিয়ে তিনি বিচার কক্ষ ছাড়েন। অভিযোগ উপস্থাপনের সময় তিনি ছিলেন না।
গোলাম আযমের ৮৯ বছর বয়সের বিষয়টি তুলে ধরে তার ব্যারিস্টার রাজ্জাক জামিন পাওয়ার পক্ষে যুক্তি দেখান।
তবে ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর গোলাম আরিফ টিপু জামায়াত নেতার চিকিৎসার বিভিন্ন প্রতিবেদন তুলে ধরে এর বিরোধিতা করেন।
জামিনের শুনানিতে হুইল চেয়ারে আসা গোলাম আযম নিজে কিছু বলতে চাইলে ট্রাইব্যুনাল আইনজীবীর মাধ্যমেই তার বক্তব্য জানাতে বলে।
এর আগে গত ১১ জানুয়ারি ট্রাইব্যুনালে জামিনের আবেদন করেছিলেন জামায়াতের সাবেক আমির গোলাম আযম, তবে ট্রাইব্যুনাল সে আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠায়।
জামিনের পাশাপাশি আরো কয়েকটি আবেদনও করেন ব্যারিস্টার রাজ্জাকসহ জামায়াত নেতার আইনজীবীরা।
গোলাম আযমের বিরুদ্ধে ৫২ দফা যুদ্ধাপরাধের অভিযোগ ট্রাইব্যুনালে এসেছে, এই অভিযোগপত্রের ৫২টি পৃষ্ঠা পাঠযোগ্য নয় বলে গোলাম আযমের আইনজীবীরা বুধবার অভিযোগ জানালে দুই দিনের মধ্যে তা দিতে প্রসিকিউশন বিভাগকে নির্দেশ দেয় ট্রাইব্যুনাল।
প্রাথমিক যে অভিযোগের ভিত্তিতে ট্রাইব্যুনাল গোলাম আযমের বিরুদ্ধে তদন্ত চালানো সিদ্ধান্ত নিয়েছে, আসামি পক্ষ সেই অভিযোগের অনুলিপি চাইলে তা নাকচ করে ট্রাইব্যুনাল।
ট্রাইব্যুনাল বলেছে, ওই বিষয়টির ওপর ভিত্তি করে প্রসিকিউশন বিভাগ অভিযোগ আনছে না, প্রসিকিউশন বিভাগ এর ওপর নির্ভরও করছে না। ফলে যা নথি হিসেবে প্রসিকিউশন ব্যবহার করছে না, তা আসামি পক্ষও পেতে পারে না।
একাত্তরের ২৫ মার্চ পাকবাহিনী নিরস্ত্র বাঙালিদের ওপর হামলা শুরুর পর খাজা খায়রুদ্দিনকে আহ্বায়ক করে ১৪০ সদস্যের যে শান্তি কমিটি হয়, তার তদারকিতে গঠিত কমিটির ছয় জনের এক জন ছিলেন গোলাম আযম।
গোলাম আযমের বিরুদ্ধে অভিযোগ, তার নেতৃত্বে নানা জায়গায় শান্তি কমিটি, রাজাকার, আল বদর, আল শামস, পাইওনিয়ার ফোর্স, মুজাহিদ বাহিনী গঠন করা হয় এবং এসব সংগঠনকে অস্ত্র সরবরাহ করা এবং এ বিষয়ে পাকিস্তানি সেনাবাহিনীর কাছে সুপারিশ করার দায়িত্ব ছিল তার।
১৯৭১ সালে ঈদের দিন গভীর রাতে ব্রাহ্মণবাড়িয়া কারাগার থেকে ৩৮ জনকে এনে কৈরতলা এলাকায় হত্যা করা হয়, যার সঙ্গে গোলাম আযম সম্পৃক্ত ছিলেন বলে তদন্তে উঠে এসেছে।
তৎকালীন পূর্ব পাকিস্তান জামায়াতে ইসলামীর আমীর গোলাম আযম বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষে অবস্থান নেওয়ার জন্য মধ্যপ্রাচ্যের দেশগুলোতে প্রকাশ্যে তদবির চালান। ১৯৭১ থেকে ৭ বছর লন্ডনে অবস্থান করার পর ১৯৭৮ এ সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আমলে আবার বাংলাদেশে আসেন এই জামাত নেতা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এমআই/১৮২০ ঘ.
bdnews24