ঢাকা, ফেব্র“য়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অন্যরা শপথ নেওয়ার পাঁচ দিন পর নির্বাচন কমিশনার হিসেবে শপথ নিয়েছেন সাবেক জেলা ও দায়রা জজ মো. শাহনেওয়াজ। তার শপথের মধ্য দিয়ে সম্পূর্ণ নতুন হলো নির্বাচন কমিশন।
প্রধান বিচার বিচারপতি মো. মোজাম্মেল হোসেন বুধবার নির্বাচন কমিশনার হিসেবে শাহনেওয়াজকে শপথ পড়ান। সুপ্রিম কোর্টের জাজেজ লাউঞ্জে এই অনুষ্ঠানে নির্বাচন কমিশন সচিব মো. সাদিকও ছিলেন।
শাহনেওয়াজ জেলা ও দায়রা জজ হিসেবে সর্বশেষ টাঙ্গাইলে দায়িত্ব পালন করেন। ২০০৮ সালে অবসর নেন তিনি। ১৯৫০ সালের ১৬ সেপ্টেম্বর চাঁদপুরে জন্ম নেওয়া শাহনেওয়াজ আইন পেশায় যুক্ত হন ১৯৮০ সালে।
শপথ নেওয়ার পরপরই শেরে বাংলা নগরে নির্বাচন কমিশনে গিয়ে কাজে যোগ দেন শাহনেওয়াজ।
গত ৮ ফেব্র“য়ারি রাষ্ট্রপতি পাঁচ সদস্যের নতুন নির্বাচন কমিশন গঠন করেন। এর মধ্যে সিইসি কাজী রকিব উদ্দিন আহমদসহ চার জন নিয়োগ পাওয়ার পরদিন শপথ নেন।
অন্য তিন কমিশনার হলেন- সাবেক অতিরিক্ত সচিব মোহাম্মদ আবু হাফিজ, সাবেক যুগ্ম সচিব মোহাম্মদ আব্দুল মোবারক ও অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মো. জাবেদ আলী।
নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেনের মেয়াদ শেষ না হওয়ায় শাহনেওয়াজের শপথ বিলম্বিত হয়। সাখাওয়াত মঙ্গলবার অবসরে গেলে বুধবার শপথ নিলেন শাহনেওয়াজ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এমএইচসি/এমআই/১৩০১ ঘ.
bdnews24