ঢাকা, ফেব্র“য়ারি ১৪ (বিডিনিউজ টোযেন্টিফোর ডটকম)- সর্বোচ্চ শাস্তি হিসাবে মৃত্যুদণ্ডের বিধান রেখে ‘সন্ত্রাস বিরোধী (সংশোধন) আইন’ সংসদে উপস্থাপন করা হয়েছে।
বিলে সন্ত্রাসী কর্মকাণ্ডে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড ও সন্ত্রাসী কাজে অর্থায়নের জন্য সর্বোচ্চ ২০ বছর কারাদণ্ড ও জরিমানার বিধান রাখা হয়েছে।
মঙ্গলবার স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন সংসদে বিলটি উত্থাপন করেন। বিলটি পরীক্ষা নিরীক্ষা করে তিন কার্যদিবসের মধ্যে সংসদে প্রতিবেদন দিতে স্থায়ী কমিটিতে পাঠানো হয়।
২০০৯ সালে প্রণীত আইনটি সংশোধন করে গত বছরের ১৮ ডিসেম্বর মন্ত্রিসভার অনুমোদন পায়। এরপর ২৬ ডিসেম্বর চূড়ান্তভাবে সংশোধিত বিলটি মন্ত্রিসভার অনুমোদন নিয়ে তা অধ্যাদেশ আকারে (সংসদ অধিবেশন চালু না থাকায়) জারি করা হয়।
‘সন্ত্রাস বিরোধী আইন (সংশোধন) অধ্যাদেশ, ২০১২’কে আইনে রূপ দিতে তা মঙ্গলবার সংসদে উপস্থাপন করা হয়।
অধ্যাদেশ জারির পর তা পরবর্তী সংসদ অধিবেশনে উপস্থাপনের বাধ্যবাধকতা রয়েছে। দ্বাদশ অধিবেশনের ৩০ দিনের মধ্যে উপস্থাপন করে অধ্যাদেশটি পাস না করলে তা কার্যকারিতা হারাবে।
বিলে সন্ত্রাসী কর্মকাণ্ডে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড ও সন্ত্রাসী কাজে অর্থায়নের ক্ষেত্রে সর্বোচ্চ ২০ বছর কারাদণ্ড ও জরিমানার বিধান রাখা হয়েছে।
বিলের উদ্দেশ্য ও কারণ সম্বলিত বিবৃতিতে বলা হয়, সন্ত্রাসী কার্যক্রমের ধরণ ও প্রকৃতি পরিবর্তনের কারণে বিশেষ করে সন্ত্রাসী কার্যক্রমে অর্থ যোগানের অপরাধ বিষয়ে বর্তমান সন্ত্রাসবিরোধী আইনে সুস্পষ্ট বর্ণনা না থাকায় এ ধরনের অপরাধ নিরসনে যথেষ্ট নয়।
এতে বলা হয়, বর্তমান আইনে শুধু ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে অর্থ পাচারের বিষয়ে উল্লেখ থাকলেও ব্যাংক ছাড়া অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যম সম্পর্কে কিছু উল্লেখ নেই।
“সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যাংকিং চ্যানেল ছাড়াও অর্থ লেনদেন কার্যক্রমের সঙ্গে জড়িত বিভিন্ন প্রতিষ্ঠান/সংস্থাকে অন্তর্ভুক্তসহ সন্ত্রাসী কর্মকাণ্ডে সম্পদ বা অর্থ ব্যবহার নিরুৎসাহিত করা ও কার্যকর প্রতিরোধের উদ্দেশ্যে পালের্মো কনভেনশনের আলোকে শাস্তির মেয়াদ বাড়িয়ে আইনটি সংশোধন প্রয়োজন।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এসইউএম/পিডি/১৮২৫ ঘ.
bdnews24