২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জিয়া ট্রাস্ট দুর্নীতি: গ্রহণযোগ্যতার শুনানি পেছাল

খালেদা জিয়া উপস্থিত না হওয়ায় ‘জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি’ মামলার অভিযোগপত্রের গ্রহণযোগ্যতার শুনানি পিছিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2012, 11:51 AM

Updated : 24 Aug 2022, 10:47 AM

ঢাকা, ফেব্র“য়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খালেদা জিয়া উপস্থিত না হওয়ায় ‘জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি’ মামলার অভিযোগপত্রের গ্রহণযোগ্যতার শুনানি পিছিয়েছে। সংসদের অধিবেশন চলতে থাকায় তিনি আদালতে হাজির হতে পারছেন না- এই মর্মে মঙ্গলবার সময়ের আবেদন করেন তার আইনজীবী তাহেরুল ইসলাম তৌহিদ। তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার জ্যেষ্ঠ বিশেষ বিচারক জহুরুল হক অভিযোগপত্রের গ্রহণযোগ্যতার শুনানির জন্য আগামী ১৮ মার্চ দিন নির্ধারণ করেন। মামলার অন্য আসমি জিয়াউল ইসলাম ও মনিরুল ইসলামের পক্ষে স্থায়ী জামিনের আবেদন করা হয়। বিচারক ১৮ মার্চ পর্যন্ত তাদের জামিনের মেয়াদ বৃদ্ধি করেন। এ সময় তারা আদালতে উপস্থিত ছিলেন। গত ২২ জানুয়ারি এই দুই জন একই আদালতে হাজির হয়ে জামিন পান। তবে খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী প্রথম থেকেই পলাতক রয়েছেন। আদালতে শুনানির সময় ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, মহসীন মিয়া ও ইকবাল হোসেন উপস্থিত ছিলেন। গত ১৬ জানুয়ারি মামলার বাদি ও তদন্ত কর্মকর্তা দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক হারুনুর রশিদ খান আদালতে অভিযোগপত্র দাখিল করেন । তদন্ত কর্মকর্তা এ মামলায় খালেদা জিয়া, তার রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী, হারিছ চৌধুরীর তৎকালীন একান্ত সচিব বর্তমানে বিআইডব্লিউটিএ’র নৌ নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক জিয়াউল ইসলাম মুন্না ও ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকার একান্ত সচিব মনিরুল ইসলাম খানকে অভিযুক্ত করেন। গত ১৭ জানুয়ারি খালেদা জিয়া ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে জামিননামা দাখিল করেন। এর আগে গত বছরের ৮ ডিসেম্বর খালেদা জিয়া হাই কোর্ট থেকে আট সপ্তাহের জামিন পান। এ মামলায় গত ০২ ফেব্র“য়ারি খালেদাকে স্থায়ী জামিন দেয় বিচারিক আদালত। গত বছরের ৮ অগাস্ট জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে অর্থ লেনদেনের অভিযোগ এনে খালেদা জিয়াসহ চার জনের নামে তেজগাঁও থানায় মামলা দায়ের করেছিলেন হারুনুর রশিদ। মামলার অভিযোগে বলা হয়, ২০০৫ সালে কাকরাইলে সুরাইয়া খানমের কাছ থেকে ‘শহীদ জিয়া চ্যারিটেবল ট্রাস্ট’-এর নামে ৪২ কাঠা জমি কেনা হয়। কিন্তু জমির দামের চেয়ে অতিরিক্ত ১ কোটি ২৪ লাখ ৯৩ হাজার টাকা জমির মালিককে দেওয়া হয়েছে বলে কাগজপত্রে দেখানো হয়, যার কোনো বৈধ উৎস ট্রাস্ট দেখাতে পারেনি। অভিযোগপত্রে আরও বলা হয়, জমির মালিককে দেওয়া ওই অর্থ ছাড়াও ট্রাস্টের নামে মোট ৩ কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা লেনদেনের তথ্য পাওয়া গেছে। এ অর্থ এসেছে অবৈধ উৎস থেকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/পিডি/১৭৪৬ ঘ.