ঢাকা, ফেব্র“য়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিরোধী দলের কর্মসূচি জেনেও সরকারি দলের কর্মসূচি ঘোষণাকে উস্কানিমূলক মনে করছেন বিএনপি নেতা খন্দকার মোশাররফ হোসেন।
মার্চ মাসজুড়ে আওয়ামী লীগের কর্মসূচি ঘোষণার প্রতিক্রিয়ায় তিনি রোববার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় বলেন, “দেশের মানুষ বুঝে গেছে, সরকার পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে চায়।”
“ক্ষমতাসীন দলকে বলব, আপনারা সরকারে থেকে রাস্তা দখলের কর্মসূচি দিয়ে দেশকে এক অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছেন। এতে রাজনীতিকে ভিন্নখাতে চলে যেতে পারে।”
সকালে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম মাসব্যাপী কর্মসূচি ঘোষণার পর বিকালে এই প্রতিক্রিয়া দেখান বিএনপির স্থায়ী কমিটির সদস্য মোশাররফ।
আওয়ামী লীগ দাবি করে আসছে, তারা পাল্টা কর্মসূচি দিচ্ছে না। তবে বিএনপির দাবি, ১২ মার্চ ঢাকায় তাদের মহাসমাবেশ ঠেকাতে আওয়ামী লীগ কর্মসূচি দিয়েছে।
এগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (এ্যাব) ওই সভায় মোশাররফ সরকারকে হুঁশিয়ার করে বলেন, মহাসমাবেশে বাধা দেওয়ার ফল শুভ হবে না।
জিয়াউর রহমানের ৭৬তম জন্মবার্ষিকী উপলক্ষে তার জীবন ও কর্ম নিয়ে মোশাররফ ছাড়াও আলোচনা করেন বিএনপি নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু, কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক শাহ মোহাম্মদ হারুন এবং এ্যাবের সাবেক ও বর্তমান নেতারা।
বক্তারা ক্ষমতাসীন মহাজোট সরকারের সমালোচনা করে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি পুনর্বহালের দাবি জানান।
মোশাররফ বলেন, “তত্ত্বাবধায়ক সরকার কিংবা নির্দলীয় নিরপেক্ষ সরকার যে নামেই হোক না কেন, এ সংক্রান্ত বিল সংসদে পাস করুন। নইলে গণঅভ্যুত্থানের মাধ্যমে বর্তমান সরকারের পতন ঘটানো হবে।”
আইনশৃঙ্খলা পরিস্থিতি, অর্থনীতির চিত্র তুলে ধরে বিএনপি নেতা বলেন, সরকারের অযোগ্যতার কারণে মানুষের জীবন দুর্বিষহ হয়ে পড়েছে।
খালেদা জিয়ার নেতৃত্বে সরকারবিরোধী আন্দোলনে সবাইকে সক্রিয় হওয়ার আহ্বানও জানান মোশাররফ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/২০৫০ ঘ.
bdnews24