ঢাকা, ফেব্রুয়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী ১২ মার্চ ঢাকার সমাবেশ থেকে সারাদেশ থেকে মানুষ জড়ো হয়ে বর্তমান সরকারের প্রতি অনাস্থা জানাবে বলে দাবি করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ওই সমাবেশে কোনো ধরনের বাধা না দিতেও সরকারকে হুঁশিয়ার করেছেন তিনি।
শুক্রবার ঢাকার তেজগাঁও থানা মহিলা দলের সম্মেলনে বিএনপি নেতা ফখরুল বলেন, “আমরা কোনো অসাংবিধানিক প্রক্রিয়া, কোনো অভ্যুত্থান কিংবা অশান্তির পথে নয়, জনগণের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় ১২ মার্চ বর্তমান সরকারকে জানিয়ে দেব, তোমাদের প্রতি জনগণের আস্থা নেই। তোমরা ক্ষমতা ছেড়ে দাও।”
আগামী ১২ মার্চ সারাদেশ থেকে বিএনপি নেতা-কর্মী-সমর্থকরা ঢাকায় জড়ো হবেন। একে ‘ঢাকা চল’ কর্মসূচি বলছেন দলীয় নেতারা। ওই দিন পাল্টা কর্মসূচি দিয়ে আওয়ামী লীগও মাঠে থাকবে বলে ঘোষণা দিয়েছে।
ফখরুল বলেন, “সরকারের মন্ত্রীরা ১২ মার্চের কর্মসূচি করতে দেওয়া হবে না বলে প্রকাশ্যে হুমকি দিচ্ছেন। তাদের কথা-বার্তায় মনে হচ্ছে, দেশটা তাদের পৈত্রিক সম্পত্তি।”
“আমরা স্পষ্ট ভাষায় সরকারকে বলে দিতে চাই, আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দেওয়া হলে তার ফল ভালো হবে না,” বলেন তিনি।
পশ্চিম তেজতুরী বাজারের আবদুল হালিম কমিউনিটি সেন্টারে এই সম্মেলনে তেজগাঁও থানা মহিলা দলের নতুন কমিটি গঠন হয়। সভাপতি হয়েছেন রোকেয়া সুলতানা তামান্না এবং সাধারণ সম্পাদক হয়েছেন ফিরোজা বেগম।
সরকার দেশ পরিচালনায় ব্যর্থ হয়েছে দাবি করে ফখরুল বলেন, আওয়ামী লীগ মানুষের কাছে দেওয়া কোনো অঙ্গীকারই তিন বছরে পূরণ করতে পারেনি। দ্রব্যমূল্য মানুষের নাগালের বাইরে। আইনশৃঙ্খলার চরম অবনতি হয়েছে। দেশে সুুশাসন একেবারেই নেই।
“এ অবস্থায় বর্তমান সরকারের ক্ষমতায় থাকার নৈতিক অধিকার নেই,” বলেন তিনি।
তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচন দাবি করে বিএনপি নেতা বলেন, “অবশ্যই সরকারকে এই দাবি মানতে হবে। কোনো কিছুু গায়ের জোরে চাপিয়ে দিলে দেশের মানুষ তা মেনে নেবে না।”
ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনী-বিএসএফ মহাপরিচালকের বক্তব্যে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, “বিএসএফ প্রধান বলেছেন, সীমান্তে গুলি বন্ধ হবে না। অথচ এই সরকার প্রতিবাদও জানাতে পারে না।”
বিএসএফ প্রধানের বক্তব্যে উষ্মা প্রকাশ করে সরকার ইতোমধ্যে ভারত সরকারকে জানিয়েছে, তার এই বক্তব্য নয়াদিল্লির সর্বোচ্চ নেতাদের প্রতিশ্র“তির সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৯৫০ ঘ.
bdnews24