২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যেখানে বাধা, সেখানেই প্রতিরোধ: ফারুক

‘ঢাকা চলো’ কর্মসূচিতে কোথাও বাধা এলে, সেখান থেকেই ‘প্রতিরোধ’ শুরু হবে বলে সরকারকে হুঁশিয়ার করেছেন বিরোধী দলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2012, 06:25 AM

Updated : 24 Aug 2022, 10:45 AM

ঢাকা, ফেব্র“য়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকায় ১২ মার্চের কর্মসূচিতে কোথাও বাধা এলে, সেখান থেকেই প্রতিরোধ শুরু হবে বলে সরকারকে হুঁশিয়ার করেছেন বিরোধী দলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুক। শুক্রবার সকালে এক মানববন্ধন কর্মসূচিতে তিনি বলেন, “১২ মার্চ আমাদের ঢাকা চলো কর্মসূচি হবে শান্তিপূর্ণ। অথচ ক্ষমতাসীন দল এখন থেকেই হুমকি দিচ্ছে।” “সরকারকে বলবো, ঢাকা চলো কর্মসূচিতে বাধা দেওয়ার চেষ্টা করবেন না। এ কর্মসূচিতে আসতে নারায়ণগঞ্জ বা দাউদকান্দি- যেখানেই বাধা দেওয়া হবে, সেখান থেকেই প্রতিরোধ গড়ে তোলা হবে,” যোগ করেন তিনি। গত জানুয়ারিতে চট্টগ্রামে চার দলীয় জোটের এক জনসভা থেকে বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া ঢাকায় ১২ মার্চের এই মহাসমাবেশের ঘোষণা দেন। বিএনপি যুদ্ধাপরাধীদের বাঁচাতে এ কর্মসূচি দিয়েছে অভিযোগ করে ক্ষমতাসীন দলের নেতা ও স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন মঙ্গলবার ১৪ দলের মানববন্ধন কর্মসূচিতে বলেন, আওয়ামী লীগ ওইদিন রাজপথে থেকে শান্তিপূর্ণভাবে তাদের ‘প্রতিরোধ’ করবে। এর জবাবে জাতীয় প্রেসক্লাবের সামনে শ্রমিক দল আয়োজিত মানববন্ধনে ফারুক বলেন, “আওয়ামী লীগের লাঠি-সোটা নয়, ১২ মার্চ বিএনপি শান্তিপূর্ণভাবে কর্মসূচি করবে। এতে বাধা দেওয়া হলে পরিণতি শুভ হবে না।” সদ্য শপথ নেওয়া নতুন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দিন আহমদকে সরে যাওয়ার আহ্বান জানিয়ে বিরোধী দলীয় প্রধান হুইপ বলেন, “আপনি এবং আপনার কমিশন সরকারের আজ্ঞাবহ। আপনি সাংবাদিকদের বলেছেন, বিরোধী দলকে আস্থায় নিয়ে কাজ করবেন। আপনার প্রতি আমাদের কোনো আস্থা নেই। তাই দয়া করে বিদায় নিন।” বুধবার রাষ্ট্রপতির কাছ থেকে নিয়োগ পাওয়ার পর বৃহস্পতিবার প্রধান বিচারপতির কাছে শপথ নেন নতুন সিইসি কাজী রকিব উদ্দিন আহমদ ও তিন কমিশনার। কারাবন্দি নেতা নুরুল ইসলাম নাসিমসহ নেতা-কর্মীদের বিরুদ্ধে দায়ের মামলা প্রত্যাহার এবং তাদের মুক্তির দাবিতে শ্রমিক দল রামপুরা ও বাড্ডা শাখা এই মানববন্ধন করে। এ সময় অন্যদের মধ্যে শ্রমিক দলের কার্যকরী সভাপতি আবুল কাশেম চৌধুরী, সাংসদ সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া ও নীলুফার ইয়াসমীন পাপিয়া বক্তব্য দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জেকে/১২২০ ঘ.