২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেনাবাহিনীতে উগ্রমত ঠেকাতে ব্যবস্থা নেওয়ার সুপারিশ

সেনাবাহিনীতে উগ্র রাজনৈতিক মতাদর্শের অনুপ্রবেশ বন্ধে পদক্ষেপ নিতে সরকারের প্রতি সুপারিশ রেখেছে প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2012, 03:25 PM

Updated : 24 Aug 2022, 10:44 AM

ঢাকা, ফেব্র“য়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সেনাবাহিনীতে উগ্র রাজনৈতিক মতাদর্শের অনুপ্রবেশ বন্ধে পদক্ষেপ নিতে সরকারের প্রতি সুপারিশ রেখেছে প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। সরকার উৎখাতে ধর্মান্ধ কতিপয় সেনা কর্মকর্তার অভ্যুত্থানচেষ্টার খবর সেনাবাহিনী জানানোর পর বৃহস্পতিবার সংসদীয় কমিটি এই সুপারিশ করেছে। বৈঠকে সেনাবাহিনীতে ঘটে যাওয়া ব্যর্থ অত্যুত্থান নিয়েও আলোচনা হয় বলে জানিয়েছেন কমিটির সভাপতি ইদ্রিস আলী। তিনি সাংবাদিকদের বলেন, “এই ধরনের ঘটনা যাতে ভবিষ্যতে না ঘটে, গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্র যেন না ঘটে, সে জন্য ব্যবস্থা নিতে বলেছি আমরা।” এই ঘটনার সুষ্ঠু তদন্তের ওপর জোর দিয়ে ইদ্রিস আলী বলেন, “তদন্ত চলছে। কোনো দিকে যাতে ফাঁক-ফোকর না থাকে, সে ব্যবস্থা নেওয়া উচিত। সেনাবাহিনীর কারা জড়িত, তা খুঁজে বের করতে হবে।” উগ্র মতবাদ বলতে সংসদীয় কমিটি উগ্র বামপন্থা কিংবা উগ্র ধর্মীয় মতবাদ দুটোকেই বোঝাচ্ছেন বলে জানান সভাপতি। বিরোধী দলের দিকে ইঙ্গিত করে আওয়ামী লীগের এই সংসদ সদস্য বলেন, “সেনাবাহিনীতে বিশৃঙ্খলা তৈরিতে একটি রাজনৈতিক দল এটাকে পুঁজি করতে চেয়েছিল।” অভ্যুত্থানের ঘটনায় কত জন সেনা সদস্য জড়িত রয়েছে বলে কমিটিকে জানানো হয়েছে- সাংবাদিকদের এই প্রশ্নে ইদ্রিস আলী বলেন, “জড়িতদের সংখ্যা কম। একটি রাজনৈতিক গোষ্ঠী এ বিষয়ে ইন্ধন যুগিয়েছে। সেনাবাহিনীকে ব্যবহারের চেষ্টা করেছে।” সংসদ ভবনে অনুষ্ঠিত এই বৈঠকে কমিটির সদস্য মুজিবুল হক, নুরুল মজিদ হুমায়ুন ও রফিকুল ইসলাম অংশ নেন। এছাড়া তিনবাহিনীর প্রধানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এসইউএম/এমআই/২১২৫ ঘ.