ঢাকা, ফেব্র“য়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টফোর ডটকম)- অতীতে আর কোনো রাজনৈতিক সরকারের সময়ে এতো ‘উদারভাবে’ নির্বাচন কমিশন গঠন হয়নি দাবি করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিরোধী দল শুরুতে বিরোধিতা করলে সময়ে তারা সবই মানে।
প্রধান বিরোধী দল বিএনপি নতুন নির্বাচন কমিশন প্রত্যাখ্যান করার পর বৃহস্পতিবার এক অনুষ্ঠানে শেখ হাসিনা বলেন, “বাংলাদেশে আর কোনো দল ক্ষমতায় থাকতে এতো উদারভাবে নির্বাচন কমিশন গঠন হয়নি।”
বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে নতুন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দিন আহমদসহ নির্বাচন কমিশনারদের শপথ পড়ান প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেন। রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান বুধবার নতুন ইসি নিয়োগ দেন।
বিএনপি এই কমিশনকে প্রত্যাখ্যান করে বলেছে, যে প্রক্রিয়ায় প্রধান নির্বাচন কমিশনারসহ (সিইসি) নতুন নির্বাচন কমিশন নিয়োগ করা হয়েছে তা অসাংবিধানিক ও বেআইনি। এ কমিশনের অধীনে কোনো নির্বাচনে বিএনপি অংশ নেবে না।
বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের নতোদের সঙ্গে এক মতবিনিময় অনুষ্ঠানের প্রারম্ভিক বক্তব্যে শেখ হাসিনা বিএনপির প্রতিক্রিয়ার বিষয়ে বলেন, “কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনের মতো- মানি না, মানবো না, করে সবই করবে তারা।”
ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারের বিরোধিতা করে বিএনপি কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন বর্জনের ঘোষণা দিলেও বিএনপি নেতা মনিরুল হক সাক্কু দল থেকে থেকে অব্যাহতি নিয়ে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং বিজয়ী হন। পরে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে ফুল দিয়ে শুভেচ্ছাও জানান সাক্কু।
এ বিষয়টির উল্লেখ করে শেখ হাসিনা বলেন, “এটা নাটক আর মিথ্যাচার ছাড়া আর কিছুই না।”
“আমরা গণতন্ত্র ও জনগণের ভোটে বিশ্বাস করি। তা আমরা প্রতিটি নির্বাচনেই প্রমাণ করেছি। আওয়ামী লীগই তা পারে। আওয়ামী লীগের সে সৎ সাহস আছে”, যোগ করেন তিনি।
বিরোধী দলীয় নেতা খালেদা জিয়াকে উদ্দেশ্যে হাসিনা বলেন, “জনগণের ওপর আস্থা রাখেন। জনগণের ক্ষতি হয়- এমন কোনো কাজ করবেন না। যুদ্ধাপরাধীদের বাঁচাতে গেলে জনগণ তা মানবে না, প্রত্যাখান করবে।”
বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের সময়ে নির্বাচন কমিশন গঠনের ঘটনা মনে করিয়ে দিয়ে হাসিনা বলেন, “উনার (খালেদা জিয়া) মন মতো, উনার পছন্দ মতো- যারা ভোট চুরি করে ক্ষমতায় বসাতে পারবেন, তাদেরকেই উনি বসিয়েছিলেন। উনার পছন্দ মতো নাম রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে দিলেন, আর রাষ্ট্রপতি সই করে দিলেন।”
আর এবার সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে, আলোচনার ভিত্তিতে সার্চ কমিটি গঠন করে এবং রাজনৈতিক দলগুলোর কাছ থেকে পাওয়া নাম বাছাই করে রাষ্ট্রপতির মাধ্যমে নির্বাচন কমিশন গঠন করা করা হয়েছে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী।
আওয়ামী লীগ নেতৃত্বধীন মহাজোট সরকারের সময়ে স্থানীয় সরকারসহ সব নির্বাচনগুলো অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে দাবি করে প্রধানমন্ত্রী বলেন, “চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে আমরা হেরে গেছি। কই আমরা তো ভোট চুরি করতে যাইনি।”
বন্দরনগরীতে সংগঠনের কার্যক্রম শক্তিশালী করতে অনুষ্ঠানে উপস্থিত নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান আওয়ামী লীগ সভানেত্রী।
বিরোধীদল যুদ্ধাপরাধীদের বাঁচাতে ষড়যন্ত্রে লিপ্ত-এমন অভিযোগ করে শেখ হাসিনা বলেন, “যারা যুদ্ধাপরাধীদের রক্ষা করতে চায়, জনগণকে ঐক্যবদ্ধ হয়ে তাদের প্রতিহত করতে হবে।”
“জনগণ সাংবিধানিক অধিকার প্রয়োগ করতে না পারলে গণতন্ত্র টিকবে না। জনগণ যাকে দেখতে চায় সেই ক্ষমতায় থাকবে”, যোগ করেন তিনি।
অন্যদের মধ্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর উল্যাহ, মহিউদ্দিন খান আলমগীর ও আখতারুজ্জামান বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক মাহাববুব-উল-আলম হানিফ, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মহিউদ্দিন চৌধুরী ও সাবেক মন্ত্রী মোশাররফ হোসেন এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টফোর ডটকম/এসইউএম/আরএ/জেকে/১৭৩০ ঘ.
bdnews24