২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চবিতে সংঘর্ষ: শিবির কর্মীদের বিরুদ্ধে মামলা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ ও ইসলামী ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষের ঘটনায় ১২ জনের নাম উল্লেখ করে তিন শতাধিক শিবির কর্মীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2012, 06:47 AM

Updated : 24 Aug 2022, 10:45 AM

চট্টগ্রাম, ফেব্র“য়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ ও ইসলামী ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষের ঘটনায় ১২ জনের নাম উল্লেখ করে তিন শতাধিক শিবির কর্মীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। হাটহাজারী থানার উপ-পরিদর্শক (এসআই) সেন্টু মিয়া বুধবার গভীর রাতে এ মামলা দায়ের করেন। এতে পুলিশের ওপর হামলার অভিযোগ আনা হয়েছে আসামিদের বিরুদ্ধে। হাটহাজারী থানার এসআই মজিবুর রহমান বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এজাহারে ছাত্রশিবিরের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক ইমরুল হাসান ও সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমানসহ ১২ জনের নাম উল্লেখ করে আরও তিন শতাধিক আসামি করা হয়েছে। বুধবার ক্যাম্পাসে সংঘর্ষ চলাকালে শিবিরের ১০ কর্মীকে পুলিশ গ্রেপ্তার করে। তাদেরও আসামি করা হয়েছে এ মামলায়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বুধবার দুপুরে ইসলামের ইতিহাস বিভাগের নবীনবরণের দাওয়াপত্র বিলি করা নিয়ে ছাত্রলীগ ও ছাত্রশিবির কর্মীরা সংঘর্ষে জড়ায়। এতে প্রক্টর ড. নাসিম হাসানসহ উভয়পক্ষের অন্তত ৩৫ জন আহত হন। পরে হাসপাতালে নেওয়ার পর মারা যান প্রাণিবিদ্যা বিভাগের ছাত্র মো. মুজাহিদ এবং ইংরেজি বিভাগের মাসুদ বিন হাবিব নিহত হন। তাদের দুজনকেই নিজেদের কর্মী বলে দাবি করেছে ইসলামী ছাত্রশিবির। এর প্রতিবাদে বৃহস্পতিবার চট্টগ্রামে আধাবেলা হরতালও পালন করেছে তারা। বৃহস্পতিবার দুপুর পর্যন্ত নিহত দুই জনের পরিবারের পক্ষ থেকে কোনো মামলা হয়নি। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন ১৬ ফেব্র“য়ারি পর্যন্ত ক্লাস-পরীক্ষা বন্ধ করে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এসইউ/জেকে/১২০৫ ঘ.