ঢাকা, ফেব্র“য়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নবগঠিত নির্বাচন কমিশনের প্রধান এবং তিন কমিশনার শপথ নেবেন বিকালে। আগের কমিশনের এক সদস্য এখনো দায়িত্বে থাকায় বিলম্বিত হচ্ছে একজন নতুন কমিশনারের শপথগ্রহণ।
সুপ্রিম কোর্টের নিবন্ধক এ কে এম শামসুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেন বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টায় জাজেস লাউঞ্জে শপথ পড়াবেন। এ জন্য সব প্রস্তুতিও ইতোমধ্যে নেওয়া হয়েছে।”
রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান বুধবার প্রধান নির্বাচন কমিশনার হিসেবে সাবেক সিএসপি কর্মকর্তা কাজী রকিব উদ্দিন আহমদকে নিয়োগ দেন। কমিশনার হিসেবে নিয়োগ পান সাবেক অতিরিক্ত সচিব মোহাম্মদ আবু হাফিজ, সাবেক যুগ্ম সচিব মোহাম্মদ আব্দুল মোবারক, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মো. জাবেদ আলী এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. শাহনেওয়াজ। মন্ত্রিপরিষদ বিভাগ বুধবার বিকেলেই এ নিয়োগের প্রজ্ঞাপন জারি করে।
নতুন কমিশনে মোট পাঁচজন নিয়োগ পেলেও বিদায়ী কমিশনের সদস্য এম সাখাওয়াত হোসেনের মেয়াদ ১৪ ফেব্র“য়ারি পর্যন্ত হওয়ায় নতুন চার কমিশনারের মধ্যে একজনকে শপথ নিতে হবে পরে।
এ বিষয়ে ইসি সচিবালয়ের আইন শাখার উপসচিব হেলাল চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা বিকেলে প্রধান নির্বাচন কমিশনার ও তিন কমিশনারের শপথ অনুষ্ঠানের ব্যবস্থা করতে অনুরোধ করেছি। এছাড়া গেজেটে কমিশনার হিসেবে সর্বশেষ যার নাম আছে তার শপথ অনুষ্ঠান ১৪ ফেব্র“য়ারি করতে প্রধান বিচারপতির কাছে অনুরোধ জানানো হয়েছে।”
এই হিসাবে গেজেটে সবার শেষে নাম থাকা মো. শাহনেওয়াজের শপথই বিলম্বিত হচ্ছে বলে ইসি কর্মকর্তারা জানিয়েছেন।
বৃহস্পতিবার সকালে ইসি সচিবালয়ে গিয়ে দেখা যায়, ইতোমধ্যে প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনারদের কক্ষে নামফলক লাগানো হয়েছে। তবে সেখানে মো. শাহনেওয়াজের নামফলক নেই।
এ বিষয়ে জানতে চাইলে কমিশনের কর্মকর্তারা বলেন, মো. শাহনেওয়াজ আগের কমিশনের সদস্য এম সাখাওয়াত হোসেনের স্থলাভিষিক্ত হবেন।
এ টি এম শামসুল হুদার নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের মেয়াদ চলতি মাসেই শেষ হওয়ায় রাষ্ট্রপতি বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ করে গত মাসে একটি অনুসন্ধান কমিটি করেন। মঙ্গলবার সন্ধ্যায় এই কমিটি রাষ্ট্রপতির কাছে যে সুপারিশ জমা দেয়, তাতে কমিশনারের পাঁচ পদের জন্য দশটি নাম আসে। তার মধ্য থেকেই পাঁচ জনকে বেছে নেন রাষ্ট্রপতি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এমএইচসি/জেকে/১২১০ ঘ.
bdnews24