ঢাকা, ফেব্র“য়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি পুনর্বহালের সিদ্ধান্ত না নিয়ে নতুন নির্বাচন কমিশন গঠনের প্রক্রিয়াটি পুরোপুরি অর্থহীন বলে মনে করছে বিএনপি।
রাষ্ট্রপতি গঠিত সার্চ কমিটি নতুন প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনারদের নামের সুপারিশ চূড়ান্ত করার প্রতিক্রিয়ায় বিএনপি নেতা খন্দকার মোশাররফ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নতুন ইসি কাদের নিয়ে করা হচ্ছে কিংবা সার্চ কমিটি কাদের নাম সুপারিশ করেছে, তা আমাদের কাছে গুরুত্বপূর্ণ নয়। একে আমরা অর্থহীন বলে মনে করি।”
“আমরা মনে করি, বর্তমান রাজনৈতিক সঙ্কট উত্তরণে এই মুহূর্তে নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠন নয়, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার গঠনের সিদ্ধান্ত নেওয়াই সমাধানের একমাত্র পথ,” বলেন তিনি।
নতুন সিইসি হিসেবে সাবেক সচিব আলী ইমাম মজুমদার ও কাজী রকিব উদ্দিন আহমেদের নাম প্রস্তাব করে মঙ্গলবার সন্ধ্যায় রাষ্ট্রপতির কাছে সুপারিশ জমা দেয় সার্চ কমিটি। এর কিছু সময় পরই বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে প্রতিক্রিয়া জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য মোশাররফ।
সার্চ কমিটি গঠনের আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করের রাষ্ট্রপতি জিল্লুর রহমান, যাতে বিএনপিও অংশ নেয়।
মোশাররফ বলেন, “আমরা সংলাপে রাষ্ট্রপতির কাছে দাবি জানিয়ে এসেছিলাম, নতুন নির্বাচন কমিশন গঠনের আগেই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী নির্বাচন হবে- এই ঘোষণা আসতে হবে। কারণ গ্রহণযোগ্য ও সুষ্ঠু নির্বাচন করতে হলে নির্দলীয় সরকার ছাড়া কোনো বিকল্প নেই।”
তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল দেশবাসী চায় দাবি করে তিনি বলেন, “একে পাশ কাটিয়ে কিছু করা হলে তা জনগণ গ্রহণ করবে না। বরং রাজনৈতিক সঙ্কট আরো প্রকট হবে।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/২০৫৮ ঘ.
bdnews24