২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সার্চ কমিটির সুপারিশ রাষ্ট্রপতির কাছে

নতুন নির্বাচন কমিশন গঠনে সুপারিশ চূড়ান্ত করে রাষ্ট্রপতির কাছে তা দিয়েছে সার্চ কমিটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2012, 12:24 PM

Updated : 24 Aug 2022, 10:44 AM

ঢাকা, ফেব্র“য়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নতুন নির্বাচন কমিশন গঠনে সুপারিশ চূড়ান্ত করে রাষ্ট্রপতির কাছে তা দিয়েছে সার্চ কমিটি। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় পরবর্তী প্রধান নির্বাচন কমিশনারসহ নির্বাচন কমিশনারদের নামের সুপারিশ বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের কাছে তুলে দেওয়া হয়। এর আগে সুপ্রিম কোর্টে সার্চ কমিটির প্রধানের কার্যালয়ে বৈঠকের পর মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভূইঞা সন্ধ্যা ৬টা ১০ মিনিটে সাংবাদিকদের বলেন, “আমরা আমাদের সুপারিশ চূড়ান্ত করেছি। এখন নাম নিয়ে রাষ্ট্রপতির কাছে যাচ্ছি।” কাদের নাম সুপারিশ করা হয়েছে- জানতে চাইলে তিনি বলেন, “সেটা ওই খানেই (রাষ্ট্রপতির কার্যালয়) জানতে পারবেন।” আপিল বিভাগের বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন নেতৃত্বাধীন এই সার্চ বা অনুসন্ধান কমিটির সাচিবিক দায়িত্ব পালনে সহায়তা দিয়ে আসছে মন্ত্রিপরিষদ বিভাগ। এ টি এম শামসুল হুদার নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের মেয়াদ চলতি মাসেই শেষ হওয়ায় রাষ্ট্রপতি বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ করে গত মাসে এই অনুসন্ধান কমিটি গঠন করেন। কমিটির অন্য তিন সদস্য হলেন- হাই কোর্টের বিচারপতি মো. নুরুজ্জামান, পিএসসি চেয়ারম্যান এ টি আহমদুল হক চৌধুরী ও মহাহিসাব নিরীক্ষক আহমেদ আতাউল হাকিম। কমিটির আহ্বানে ক্ষমতাসীন আওয়ামী লীগসহ কয়েকটি দল নতুন কমিশনের জন্য তাদের পছন্দের ব্যক্তির নামের তালিকা দিলেও প্রধান বিরোধী দল বিএনপি কোনো নাম দেয়নি। দলটি বলে আসছে গত জুনে সাংবিধানিকভাবে বাতিল হওয়া তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের সিদ্ধান্তের আগে নির্বাচন কমিশন গঠন নিয়ে তারা কোনো মত দেবে না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এমআই/১৮৪৬ ঘ.